সাতছড়ি থেকে অস্ত্র 'উদ্ধারের' ঘটনায় র্যাবের মামলা
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সংরক্ষিত সাতছড়ি জাতীয় উদ্যানসংলগ্ন টিপরাহাটি আদিবাসী পল্লি থেকে গত বুধবার অস্ত্র ‘উদ্ধারের’ ঘটনায় মামলা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ নিয়ে উদ্যান এলাকাটি থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের দাবিতে এ পর্যন্ত চারটি মামলা করল র্যাব।
গত বুধবার দুপুরে উপজেলার ভারত সীমান্তবর্তী উদ্যানটির আদিবাসী পল্লিতে অভিযান চালিয়ে ১১২টি রকেট লঞ্চার এবং এর ৪৮টি চার্জার উদ্ধারের দাবি করেছিল র্যাব। দাবি অনুযায়ী, একটি পরিত্যক্ত ঘরের মেঝে খুঁড়ে পাওয়া বাংকার থেকে প্লাস্টিকে মোড়া অবস্থায় এসব অস্ত্রের সন্ধান মেলে।
তৃতীয় দফা অস্ত্র উদ্ধারের দাবির আগে গত ৩ জুন ও ২ সেপ্টেম্বরও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের দাবি করেছিল র্যা ব। ওই দুই ঘটনায় চুনারুঘাট থানায় তিনটি মামলা হয়। প্রথম মামলার পর চার মাস পার হতে চলেছে। কোনো ঘটনারই এখনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। এরই মধ্যে গত বুধবার রাতে চতুর্থ মামলাটি করা হলো।
চুনারুঘাট থানা সূত্রে জানা গেছে, সাম্প্রতিকতম অস্ত্র উদ্ধারের দাবির বিষয়ে র্যাব-৯-এর উপসহকারী পরিচালক (ডিএডি) মো. আবু জাফর এই থানায় অস্ত্র আইনে সর্বশেষ মামলাটি করেন।
মামলায় উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সদস্যরা টিপরাহাটি পল্লিতে অভিযান চালিয়ে ওই অস্ত্র উদ্ধার করেন। তাঁরা জানতে পেরেছেন, একসময় উদ্যানটিতে সশস্ত্র দুষ্কৃতকারীদের চলাচল ছিল। অজ্ঞাতনামা ওই দুষ্কৃতকারীরাই অস্ত্রগুলো লুকিয়ে রেখেছে বলে তাঁদের ধারণা।
মামলায় র্যাবের এক সদস্য ও সাধারণ পাঁচ ব্যক্তিকে সাক্ষী করা হয়েছে। অস্ত্র উদ্ধারের সব ঘটনাই চুনারুঘাট উপজেলায় হলেও সাক্ষীদের অধিকাংশই হবিগঞ্জ সদর উপজেলার অধিবাসী। সর্বশেষ মামলার তদন্তের দায়িত্ব পেয়েছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ইকবাল হোসেন। ২ সেপ্টেম্বর অস্ত্র উদ্ধারের দাবি নিয়ে করা মামলারও তদন্ত কর্মকর্তা তিনি।