হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ভারত সীমান্তবর্তী সাতছড়ি জাতীয় উদ্যান থেকে আবার বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ মঙ্গলবার দুপুরে র্যাব-৯-এর শ্রীমঙ্গল ক্যাম্পে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে র্যাবের পক্ষ থেকে এই দাবি করা হয়।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খানের ভাষ্য, সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতর থেকে নয়টি এসএমজি, একটি এমএমজি, একটি অটোরাইফেল (মিনি), ছয়টি এসএলআর, দুটি এলএমজি, একটি বেটাগান, একটি স্নাইপার টেলিস্কোপ সাইট ও ২ হাজার ৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অস্ত্র ও গোলাবারুদগুলো একটি গর্তের মধ্যে প্লাস্টিকের ড্রামে পলিথিন দিয়ে প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে।
মুফতি মাহমুদ খান আরও জানান, অস্ত্র উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
গত ৩ জুন সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়ে সাতটি পরিখা (বাংকার) থেকে বিপুল পরিমাণ রকেট লঞ্চার ও গোলা উদ্ধার করে র্যাবের একটি দল। অভিযানের দ্বিতীয় দিনে ৪ জুন একটি পরিখা (বাংকার), একটি সুড়ঙ্গপথ ও ভূগর্ভস্থ একটি ঘরের সন্ধান পায় র্যাব।
আরও জানতে পড়ুন