সাতজন অজ্ঞান পার্টির খপ্পড়ে
রাজধানীতে পৃথক ঘটনায় গতকাল বুধবার সাতজন অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সব হারিয়েছেন। অচেতন অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই সাতজন হলেন মুঠোফোনের যন্ত্রাংশ ব্যবসায়ী মো. রায়হান (২২), দিদার (২২), তৈরি পোশাক কারখানার যন্ত্রাংশ ব্যবসায়ী মামুনুর রশীদ (৪৫), বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী মো. এনামুল (৩০), শহীদুল আলম (২৩), ইনস্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপক মো. আবদুল মান্নান (৩৫) ও অজ্ঞাতনামা এক ব্যক্তি (৬০)।
রায়হানের সঙ্গী জিয়াউল ইসলাম বলেন, তাঁদের বাড়ি সাতক্ষীরায়। গতকাল তাঁরা ঢাকার গাবতলীতে এসে গুলিস্তানগামী বাসে ওঠেন। বাসে রায়হান ডিম কিনে খান। এরপর বাসেই অচেতন হয়ে পড়েন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাস গুলিস্তানে পৌঁছালে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তিনি। রায়হানের কাছে সাড়ে চার হাজার টাকা ছিল। ওই টাকা খোয়া গেছে।
বেলা একটার দিকে বংশাল থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক বংশাল মোড় থেকে দিদার (২২) নামে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। এমদাদুল বলেন, হাসপাতালে নেওয়ার পথে ওই ব্যক্তি শুধু নিজের নাম জানিয়েছেন।
মামুনুর রশীদের স্ত্রী মোহসিনা বেগম বলেন, তাঁদের বাড়ি শনির আখড়ায়। সকালে বাসা থেকে মামুনুর রশীদ ব্যবসায়িক কাজে মিরপুর এসেছিলেন। পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মিরপুর-১০ নম্বরে অচেতন হয়ে পড়েন তিনি। খবর পেয়ে স্বামীকে উদ্ধার করে সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা মেডিকেলে ভর্তি করিয়েছেন।
অজ্ঞান পার্টির কবলে পড়া এনামুল ও শহীদুল পুরানা পল্টনের ইব্রাহিম ম্যানশনে একটি প্রতিষ্ঠানে কাজ করেন। তাঁদের সহকর্মী ওমর ফারুক বলেন, সকালে এনামুল ও শহীদুল দাপ্তরিক কাজে একসঙ্গে আগারগাঁও গিয়েছিলেন। সেখানে কাজ শেষে ফেরার পথে বাসে হালুয়া খান তাঁরা। এরপর পল্টনে নেমে কর্মস্থলের সামনে এসে দুজনেই অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে তিনি দুই সহকর্মীকে বিকেলে ঢাকা মেডিকেলে ভর্তি করেন। তাঁদের কাছ থেকে কিছু খোয়া গেছে কি না, তা এখনো জানেন না।
এদিকে সন্ধ্যায় পুলিশ যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করান। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক নূর আলী বলেন, অচেতন থাকায় ওই বৃদ্ধের নাম যায়নি।
রাত আটটার দিকে পল্টন এলাকা থেকে মেটলাইফ ইনস্যুরেন্সের ইউনিট ব্যবস্থাপক মো. আবদুল মান্নানকে (৩৫) উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করান পল্টন থানার উপপরিদর্শক মিজান।