সাতজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর থেকে মাইক্রোবাসে তুলে মাদ্রাসার এক ছাত্রীকে (১৬) অপহরণের সময় স্থানীয় লোকজন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ফাউন্ডেশনের এক নেতাসহ সাত অপহরণকারীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা গত বৃহস্পতিবার রাতে বিরামপুর থানায় মামলা করেছেন।
গ্রেপ্তার হওয়া সাতজন হলেন বিরামপুরের বিজুল এলাকার আবু সাইদের ছেলে উমর ফারুক (২৭) ও তাঁর ছোট ভাই নুর উন নবী (২৫), মির্জাপুর মহল্লার শাহজামাল মণ্ডলের ছেলে রায়হান কবির (২৭), রংপুরের কামারপাড়া মহল্লার বাসিন্দা কৌশিক আলম (২৮), শালবন মহল্লার মো. রাসেল (২৯), মামনুর রশিদ (৩০) এবং মিঠাপুকুর থানার মাসুদার পাড়া মহল্লার ছোটন মিয়া (২৩)। বৃহস্পতিবার দুপুরে শহরের বিজুল বাজার থেকে মেয়েটিকে অপহরণ করে মাইক্রোবাসে তোলেন তাঁরা।
বৃহস্পতিবার রাত আটটায় বিরামপুর থানায় বসে ওই ছাত্রী প্রথম আলোকে বলে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রতিদিনের মতো বিরামপুর শহরে কোচিং সেন্টারে যাওয়ার জন্য বাস ধরতে বিজুল বাজারে আসে সে। সেখানে পৌঁছামাত্র একটি মাইক্রোবাস নিয়ে সামনে আসেন তার একসময়ের কোচিং শিক্ষক উমর ফারুক। এ সময় গাড়িটিতে আরো ছয়জন ছিলেন। তঁারা নেমে তাকে টেনে মাইক্রেবাসে তুলে ঘোড়াঘাটের দিকে যেতে থাকেন। এ সময় অপহরণকারিরা তার পায়ে একটি ইনজেকশনও দেয় বলে জানায় মেয়েটি। পরে নবাবগঞ্জের বাজিতপুর এলাকায় স্থানীয় লোকজন সড়কে ব্যারিকেড দিলে অপহরণকারীরা তাকে নামিয়ে দিয়ে পালাতে থাকেন।
মেয়েটির বাবা বলেন, অষ্টম শ্রেণিতে পড়ার সময় মেয়েকে বিজুল বাজারে পাঞ্জেরী নামক একটি কোচিং সেন্টারে ভর্তি করান। উমর সেখানে শিক্ষকতা করতেন। তখন থেকেই উমর তাঁর মেয়েকে উত্ত্যক্ত করতেন।
নবাবগঞ্জ উপজেলার ছাত্রলীগ কমিটির সদস্য ও বাজিতপুর গ্রামের বাসিন্দা আবদুল ওয়াদুদ শাহ বলেন, বিজুল এলাকা থেকে স্থানীয় লোকজন মুঠোফোনে এক ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর দেন তাঁকে। খবর পেয়ে স্থানীয় লোকজন নিয়ে সড়কে ব্যারিকেড দেন তাঁরা। এ সময় অপহরণকারীরা ওই ছাত্রীকে গাড়ি থেকে ফেলে দিয়ে অন্য রাস্তা দিয়ে পালাতে থাকে। তখন তাঁরা মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে মাইক্রোবাসসহ অপহরণকারীদের ধরে ফেলেন। পরে গ্রামবাসী অপহরণকারীদের গণপিটুনি দিয়ে নবাবগঞ্জ থানা-পুলিশে দেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, নবাবগঞ্জে মেয়েটি উদ্ধার ও অপহরণকারিরা ধরা পরলেও বিরামপুর থানা এলাকায় অপহরণের ঘটনাটি ঘটেছে। তাই গ্রেপ্তার বকরা সাতজনকে বিরামপুর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
বিরামপুর থানায় আটক উমর ফারুক বলেন, তিনি বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়ন ফাউন্ডেশন বিরামপুর শাখার অর্থসচিব। ঘটনার সঙ্গে তিনি নিজে জড়িত থাকার কথাও স্বীকার করেন।
আর কৌশিক আলম বলেন, তিনিও বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়ন ফাউন্ডেশন রংপুর জেলা শাখার সভাপতি। উমর ফারুক তাঁকেসহ বাকী পাঁচজনের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে ভাড়া করেছেন।
বিরামপুর থানার ওসি মো. আমিরুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে ওই সংগঠনটি বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিগগিরই সংগঠনটির বিরুদ্ধ অভিযান চালানো হবে। তিনি আরও বলেন, অপহরণ চেষ্টার শিকার মেয়েটির বাবা সাতজনকে আসমি করে থানায় মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।