ছয় দিন পার হলেও গাজীপুরের পাতারটেক, হাঁড়িনাল, টাঙ্গাইলের কাগমারা ও ঢাকার আশুলিয়ায় পুলিশ–র্যাবের চার অভিযানে নিহত ১২ জনের মধ্যে সাতজনের পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এঁদের লাশ ঢাকার কুর্মিটোলা হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী বলছে, নিহত সবাই জঙ্গি সংগঠন ‘নব্য জেএমবি’র সদস্য।
৮ অক্টোবর এই চারটি অভিযান চালানো হয়। এর মধ্যে গাজিপুর, টাঙ্গাইল ও আশুলিয়ায় র্যাবের তিনটি অভিযানে পাঁচজন এবং গাজিপুরে পুলিশের একটি অভিযানে সাতজন নিহত হন। নিহত জঙ্গিদের মধ্যে পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। তাঁরা হলেন পুরান ঢাকার মো. ইব্রাহিম, সিরাজগঞ্জের ফরিদুল ইসলাম ওরফে আকাশ, সুনামগঞ্জর সাইফুর রহমান, জয়পুরহাটের আমিমুল এহসান ও নওগাঁর আহসান হাবীব।
তদন্তের দায়িত্বে র্যাব: একই দিন সন্ধ্যায় আশুলিয়ায় র্যাবের অভিযানের সময় পাঁচতলা থেকে পড়ে সন্দেহভাজন এক জঙ্গি নিহত হওয়ার মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে র্যাব। ওই ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রীকে দুটি মামলায় ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছিল আশুলিয়া থানার পুলিশ।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান গতকাল প্রথম আলোকে বলেন, মামলাটি তদন্তের জন্য র্যাবকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখন র্যাবই নিহত ব্যক্তির স্ত্রী শাহনাজ আক্তারকে জিজ্ঞাসাবাদ করবে।
নিহত ওই ব্যক্তির প্রকৃত নাম-পরিচয় গত ছয় দিনেও র্যাব-পুলিশ উদ্ঘাটন করতে পারেনি। তবে প্রথম দিন থেকেই র্যাব বলে আসছে, ওই ব্যক্তি জঙ্গি হামলার অর্থের জোগানদাতা ছিলেন। তাঁর পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্সে নাম আবদুর রহমান লেখা রয়েছে। র্যাব বলছে, পাসপোর্টে দেওয়া স্থায়ী ঠিকানা, মা-বাবার নাম ইত্যাদি তথ্য ভুয়া।
একজনের বাবাকে জিজ্ঞাসাবাদ: প্রথম আলোর সুনামগঞ্জ অফিস জানায়, গাজীপুরের পাতারটেকে নিহত সাইফুর রহমার ওরফে বাবুলের (১৯) বাবা মতিউর রহমানকে ছাতক থানার পুলিশ গত বুধবার ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। গতকাল শুক্রবার বিকালে তাঁকে স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্যের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন প্রথম আলোকে বলেন, মতিউর রহমান বলেছেন, তাঁর ছেলে সাইফুর সিলেটে থাকতেন, তিনি তেমন খোঁজখবর রাখতেন না।