বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে গত রোববার বিকেলে জলদস্যুরা সাতটি ট্রলারে লুটপাট চালিয়েছে। এ সময় দস্যুদের গুলিতে পাঁচ জেলে আহত হন।
আহত জেলে ও ট্রলার মালিকেরা বলেন, রোববার বিকেলে গভীর সাগর থেকে মাছ ধরে কক্সবাজার শহরের ফিশারিঘাটে আসার পথে সোনাদিয়া চ্যানেলে জলদস্যুরা গুলি চালিয়ে এফবি তাহের নামের একটি ট্রলারের গতিরোধ করে। এরপর জলদস্যুরা ট্রলারের ১৮ জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে পাঁচ লাখ টাকার মাছ ও জাল লুট করে। এ সময় বাধা দিলে দস্যুরা জেলে মো. জসিমকে গুলি করে। এরপর দস্যুরা একে একে এফবি সাদিয়া, এফবি সুমি, এফবি মক্কা, এফবি দিলারাসহ ছয়টি ট্রলারে লুটপাট চালায়। এ সময় দস্যুদের গুলিতে জেলে নুরুল কবির, মো. কালু, আবদুল শুক্কুর ও হামিদ হোসেন আহত হন। আহত পাঁচ জেলেকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলেরা দস্যুদের ছররা গুলিতে আহত হন।
কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, দস্যুরা সাতটি ট্রলার থেকে অন্তত ২০ লাখ টাকার মালামাল লুট করেছে।