ভোলার লালমোহন উপজেলার পূর্ব চরউমেদ গ্রামে গত সোমবার হামলা চালিয়ে সাতটি বসতঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় ২০ জনকে পিটিয়ে ও কুপিয়ে ঘর থেকে বের করে দেওয়া হয়। জমি নিয়ে বিরোধের জের ধরে এ হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বলেন, পুলিশের উপস্থিতিতে পাশের তজুমদ্দিন উপজেলার ইন্দ্র নারায়ণপুর গ্রামের গিয়াস উদ্দিন হাওলাদারের পক্ষের লোকজন এ হামলা চালায়। হামলাকারী ব্যক্তিরা উল্টো মামলা করেছে। ওই জমি নিয়ে গিয়াসের পক্ষের সঙ্গে স্থানীয় মো. সিদ্দিক পক্ষের বিরোধ রয়েছে। হামলায় ফাতেমা, মর্জিনা, জরিফা, লিলু, নাসিমা ও কমলা; ৭০ বছরের বৃদ্ধ আনিছুল হকসহ ২০ জন আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে গিয়ে দেখা যায়, আশপাশে পুড়ে যাওয়া টিন, হাঁড়িপাতিল, কাটা গাছ ও ফল পড়ে আছে। পুড়ে যাওয়া একটি ঘরের মালিক মো. কামাল মিয়া। তাঁর স্ত্রী নাসিমা বেগম বলেন, সন্ত্রাসীরা তাঁকে ও তাঁর সন্তানকে পিটিয়ে ঘর থেকে বের করে দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। ঘরের কোনো মালামাল বের করতে পারেননি তাঁরা। এখন ঘরে খাবারের চাল নেই।
নাম প্রকাশ না করার শর্তে গ্রামের কমপক্ষে ৩০ জন বলেন, সোমবার দুপুরের পর বাড়ির পশ্চিম দিক থেকে শতাধিক মানুষ দা, বঁটি, মশাল ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে এসে হামলা চালায়। তারা আবদুল মোতালেব, আনিছুল হক, মো. কামাল, মো. সিদ্দিকুর রহমান, ফাতেমা বেগম, কামাল আহমেদ ও আবদুল মালেকের বসতঘর থেকে পিটিয়ে লোকজনকে বের করে দেয়। পরে ঘরে আগুন লাগিয়ে দেয়। গাছপালা কেটে ফেলে। জমি ট্রাক্টর দিয়ে চাষ করে। মালামাল লুট করে। স্থানীয় বাসিন্দা ফজলু কাজী ও কামাল মেম্বার নামের দুজন হামলাকারীদের দলের নেতৃত্ব দেন।
এ বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করেও গিয়াস উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে ফজলু ও কামাল স্থানীয় সাংবাদিকদের কাছে বলেন, এসব জমি গিয়াস উদ্দিন হাওলাদারদের। তাঁদের জমি স্থানীয় চাষিরা আবাদ করতেন এবং কয়েকটি ঘর তৈরি করে বাস করতেন। সেই ঘরে স্থানীয় মো. সিদ্দিকের বাহিনী আগুন দেয়। তাঁরা এর সঙ্গে জড়িত নন। এ ঘটনায় গিয়াস উদ্দিন পক্ষের চাষি মো. নুর হোসেন ১৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করে মামলা করেন।
মো. সিদ্দিক ও তাঁর ছেলে মাহমুদুল হক বলেন, পূর্ব চরউমেদ মৌজার প্রায় আট একর জমির মালিক তাঁর বাপ-চাচারা। জমির দখলেও তাঁর আত্মীয়স্বজন রয়েছেন। সেই জমি ভুয়া কাগজপত্র দিয়ে গিয়াস উদ্দিনের পক্ষ দখল করতে চায়। তারা জমি দখল করতে এ পর্যন্ত ২০ বার হামলা করেছে। এ নিয়ে সিদ্দিক ২০১৩ সালে আদালতে মামলা করেছেন। তা এখনো চলমান। এর মধ্যেই সোমবার আবার হামলা চালানো হলো।
আজকের ভোলা পত্রিকার স্থানীয় সাংবাদিক এনামুল হক বলেন, পুলিশের সামনেই অগ্নিসংযোগ করা হয়। এ ছবি তুলতে গেলে ফজলু কাজী ও তাঁর পক্ষের লোকজন মুঠোফোন কেড়ে নেয়। পরে ছবি মুছে দিয়ে মুঠোফোন ফেরত দেয়।
সহকারী পুলিশ সুপার (লালমোহন সার্কেল) এস এম মিজানুর রহমান গতকাল বলেন, পুলিশের উপস্থিতিতে আগুন দেওয়ার ঘটনা সত্য নয়। সেখানে হত্যাকাণ্ডের আশঙ্কা তৈরি হয়েছিল। পুলিশ তা ঠেকিয়েছে। তারপরও ঘটনার সত্যতা পেলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কারা হামলা চালিয়েছে, তা তদন্ত করা হচ্ছে।