রান্নায় পোড়া তেল ব্যবহার, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অনিয়মের অপরাধে চট্টগ্রাম নগরের চারটি খাবারের হোটেল ও তিনটি বেকারিকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার নগরের আগ্রাবাদ, বন্দর ও সাগরিকা এলাকার বিভিন্ন হোটেল ও বেকারিতে এ অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, সাগরিকা এলাকায় তিনটি খাবারের হোটেলে অভিযান চালান অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাস। অভিযানে মদিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে পোড়া তেল ব্যবহার ও অপরিচ্ছন্ন রান্নাঘরের জন্য ২০ হাজার টাকা, নোংরা পানি ব্যবহার ও রান্নাঘরের সঙ্গে শৌচাগার থাকায় ফেন্সি হোটেলকে ৭ হাজার ও অপরিচ্ছন্নতার জন্য দুলাল হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নগরের আগ্রাবাদ ও বন্দর এলাকায় অভিযান চালান অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার। অভিযানে চারটি বেকারিকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশ ও পোড়া তেলে বেকারি পণ্য তৈরির অপরাধে আগ্রাবাদের মোল্লাপাড়ার সুমাইয়া বেকারিকে ১৫ হাজার ও নোংরা পরিবেশের জন্য ভাই ভাই হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া পণ্যের মোড়কে মেয়াদ উল্লেখ না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় বন্দর এলাকার মধুবন কনফেকশনারিকে ৩ হাজার ও গুড ফুডসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাস বলেন, এ ধরনের অভিযান নিয়মিত চলবে।