সাতটি স্থানে অবৈধ টোল আদায় বন্ধ, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগরের সাতটি স্থানে বিভিন্ন গাড়ি থেকে অবৈধভাবে টোল (চাঁদা) আদায় গতকাল বৃহস্পতিবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, অবৈধভাবে টোল আদায় বন্ধ ঘোষণার পরও গতকাল সকাল আটটার দিকে শহরের মডার্ন মোড় এলাকায় ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ব্যানারে চাঁদা তুলতে গেলে তিনজন শ্রমিককে আটক করা হয়েছে। তাঁরা হলেন ধর্মদাস মিলনপাড়া এলাকার সুমন মিয়া, একই এলাকার আক্কাস আলী ও গণেশপুরের আনোয়ারুল ওরফে রানা।
অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত র্যাপিড অ্যাকশন বাটালিয়ন ও পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করছেন।
পুলিশ আরও জানায়, নগরের মহাসড়কের মডার্ন মোড়, দমদমা, ২০ মেগাওয়াট, কেন্দ্রীয় বাস টার্মিনাল, মেডিকেল মোড় ও হাজিরহাট এলাকায় বাস, ট্রাক, মিনিবাস, পিকআপ, ব্যাটারিচালিত অটোরিকশা থেকে প্রতিদিন শ্রমিক সংগঠনের নামে জোরপূর্বক চাঁদা আদায় করা হতো। এ নিয়ে প্রায় দিনই গন্ডগোল লেগে থাকত। এর ফলে মহাসড়কে গাড়ি বন্ধ হওয়ার ঘটনাও ঘটে। সেই সঙ্গে যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
অবৈধভাবে এ টোল আদায় ও বাস টার্মিনালের আধিপত্য বিস্তার করা নিয়ে ১০ নভেম্বর রাত একটার দিকে শহরের মাহিগঞ্জ সাতমাথা বাসস্টান্ডে ৩০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইমরান মিয়া (২৮) প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হন। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১১ নভেম্বর সকাল ছয়টার দিকে মারা যান।
এ ঘটনার পর শহরের মাহিগঞ্জ সাতমাথা এলাকাসহ মহাসড়কের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখতে জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ ও পুলিশ সুপার আবদুর রাজ্জাক গত বুধবার নগরের মহাসড়কের বিভিন্ন স্থান ঘুরে দেখে দেখতে পান, সড়কে গাড়ি থামিয়ে অবৈধভাবে চাঁদা তোলা হচ্ছে। এ অবস্থা দেখে তাঁরা এ চাঁদা তোলা বন্ধ করতে নির্দেশ দেন। কিন্তু এর পরও চাঁদা তোলা হচ্ছে—এমন অভিযোগে গতকাল বৃহস্পতিবার ভোর থেকে অবৈধ চাঁদা বন্ধে বিভিন্ন স্থানে পুলিশের টহল জোরদার করা হয়েছে।
পুলিশ সুপার আবদুর রাজ্জাক বলেন, ‘শ্রমিক সংগঠনের নামে প্রতিটি গাড়ি থেকে অবৈধভাবে এসব চাঁদা তোলার ঘটনাকে কেন্দ্র করেই এ শহরের পরিস্থিতি খারাপ হয়ে ওঠে। তাই সব ধরনের টোল বা চাঁদা তোলা বন্ধ ঘোষণা করা হয়েছে। এর পরও কেউ চাঁদা তোলার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’