সাততলা থেকে ফেলে গৃহকর্মীকে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পরীবাগে দিগন্ত টাওয়ারের সাততলা থেকে গৃহকর্মীকে নিচে ফেলে দেওয়ার অভিযোগে গৃহকর্তা সালেহ আহমেদ ওরফে কার্লোস নামে এক ব্যক্তিকে গত শনিবার গ্রেপ্তার করেছে শাহবাগ থানার পুলিশ। গুরুতর আহত অবস্থায় গৃহকর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শাহবাগ থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা হয়েছে।

এর আগেও ২০১৪ সালে সালেহ আহমেদকে অবৈধ মুদ্রা, হুন্ডি, মাদক ব্যবসা এবং নিজের গাড়িতে জাতীয় সংসদের মনোগ্রাম ব্যবহারের অভিযোগে র‍্যাব গ্রেপ্তার করে। গৃহকর্মীকে সাততলা থেকে ফেলে দেওয়ার পর র‍্যাব-৩-এর কর্মকর্তারা সালেহ আহমেদের বাসায় যান। সেখান থেকে আহত আরেকজন নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় র‍্যাব। ওই নারী নিজেকে সালেহর স্ত্রী বলে পরিচয় দেন। দিগন্ত থেকে সালেহ আহমেদের একটি গাড়িও জব্দ করে র‍্যাব। সেই গাড়িতেও জাতীয় সংসদের মনোগ্রাম লাগানো ছিল।

গতকাল রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত গৃহকর্মী প্রথম আলোকে বলেন, দিন পনেরো আগে তিনি ওই বাড়িতে কাজ নেন। এর মধ্যে এক দিনও সালেহ আহমেদ বাসা থেকে বের হননি। তিনি ঘরে বসে ইয়াবা সেবন করতেন। স্ত্রী থাকলেও তিনি বাড়িতে অন্য তরুণীদের নিয়ে আসতেন। তাঁকে একাধিকবার ধর্ষণের চেষ্ট করেন। গৃহকর্মী বলেন, গত শুক্রবার রাতে সালেহ আহমেদ তাঁর ঘর থেকে বের হয়ে এসে ডাবের পানি খেতে চান। তিনি বলেন, ডাবের পানি শেষ হয়ে গেছে। এ কথা শুনেই সালেহ আহমেদ ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি বলেন, কয়েক দিন আগে তিনি ১৫টি ডাব এনেছেন, মাত্র ২টি ডাব খেয়েছেন, বাকিগুলো কোথায় গেল? এই বলে তিনি তাঁর স্ত্রীকে বেধড়ক পেটাতে থাকেন। পরে একপর্যায়ে তাঁকেও পর্দার রড ও হাতুড়ি দিয়ে পেটাতে থাকেন। প্রাণে বাঁচতে সালেহ আহমেদের স্ত্রী দৌড়ে নিচে নেমে যান। তখন গাড়িচালককে ফোন করে সালেহ আহমেদ স্ত্রীকে ধরে আনতে বলেন। আর তাঁকে (গৃহকর্মী) উঁচুতে তুলে নিচে ফেলে দেন। গৃহকর্মী বলেন, সাততলা থেকে কাত হয়ে নিচে পড়ায় তাঁর পা ও বুকের পাঁজর ভেঙেছে। না হলে তিনি হয়তো বাঁচতেন না।

খোঁজ নিতে দিগন্ত টাওয়ারে গেলে নিরাপত্তারক্ষী এই প্রতিবেদককে বলেন, বাড়িতে কেউ নেই। তিনি নিজেও কিছু জানেন না। গৃহকর্মী বলেন, সালেহ আহমেদের পাশের ফ্ল্যাটে তাঁর বাবা থাকেন। তিনি ওমরাহ করতে গেছেন। ওই বাড়িতে তিনি সালেহ আহমেদের মামা ও তাঁর ভগ্নিপতিকে দেখেছেন।

জানতে চাইলে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর প্রথম আলোকে বলেন, ‘শনিবার মিরপুর থেকে সালেহ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল তাঁকে সাত দিনের রিমান্ডে আনা হয়েছে। এখন জিজ্ঞাসাবাদ করা হবে।