সাতসকালে ফোনে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল পৌনে ছয়টা। হঠাৎ মুঠোফোনের রিং বেজে ওঠে সাদ্দাম হোসেনের (২৬)। সঙ্গে সঙ্গে তিনি ঘুম থেকে জেগে ওঠেন। ফোনে কথা বলা শেষ করার পর কাউকে কিছু না বলে তাড়াহুড়ো করে বাসা থেকে বেরিয়ে যান। এর আধা ঘণ্টা পর বাসা থেকে ৬০০ গজ দূরে সাদ্দামের রক্তাক্ত দেহ পড়ে থাকার খবর পান স্বজনেরা। সাদ্দামের বাসা চট্টগ্রাম নগরের আগ্রাবাদের মৌলভীপাড়া এলাকায়। তাঁর লাশ পড়ে ছিল বাসার গলির রাস্তার কাছেই। গতকাল সোমবার সকাল ৬টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম আগ্রাবাদের চৌমুহনী এলাকায় মাংস বিক্রির দোকানে কাজ করতেন। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে হলেও পরিবার দীর্ঘদিন ধরে চট্টগ্রামে থাকে।
নিহত সাদ্দামের বড় ভাই ইমাম হোসেন প্রথম আলোকে বলেন, সকালে সাদ্দামের মুঠোফোনে কল আসে। এরপর বাসা থেকে বেরিয়ে যান। আধা ঘণ্টা পর এক প্রতিবেশী এসে তাঁদের বলেন, বাসার কাছে রাস্তার ওপর গুরুতর আহত অবস্থায় সাদ্দাম পড়ে আছেন। পরে তাঁরা দ্রুত সাদ্দামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের কাছে শুনেছেন, দু-তিনজন যুবক সাদ্দামকে ছুরি মেরে পালিয়ে গেছেন। কারা, কী কারণে বাসা থেকে ডেকে নিয়ে খুন করেছেন, তা বুঝতে পারছেন না তাঁরা। সাদ্দামের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় সাদ্দামের বাবা খোরশেদ আলম বাদী হয়ে ডবলমুরিং থানায় মামলা করেছেন।
ভগ্নিপতি মো. মাসুম গতকাল সকালে মর্গের সামনে প্রথম আলোকে বলেন, খুনিরা সাদ্দামের পূর্বপরিচিত হতে পারে। তবে ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা কেউ হামলাকারীদের চিনতে পারেননি।
নিহত তরুণের বুক, পেট ও হাতে ছুরিকাঘাতের চিহ্ন ছিল বলে জানান চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং অঞ্চল) এ বি এম ফয়জুল ইসলাম। তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।