বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম জি এম সারোয়ার হোসেনের বিরুদ্ধে এবার সাদা কাগজে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের স্বাক্ষর নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পাঁচজন প্রধান শিক্ষক গত বৃহস্পতিবার বলেন, ‘শিক্ষা কর্মকর্তা সকাল থেকেই মুঠোফোনে যোগাযোগ করে আমাদের অফিসে ডেকে আনেন। তাঁর চাকরির ক্ষতি হবে—এমন কথা বলে তিনি সাদা কাগজে আমাদের স্বাক্ষর নেন।’
৬ আগস্ট প্রথম আলোয় ‘শিক্ষা উপকরণ ক্রয়ে অনিয়ম/শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এরপর শিক্ষা কর্মকর্তা এম জি এম সারোয়ার হোসেন তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ধামাচাপা দেওয়ার জন্য বৃহস্পতিবার সকাল থেকেই তাঁর অনুসারী শিক্ষকদের নিয়ে উপজেলা কার্যালয়ে দিনভর বৈঠক করেন। পরে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষককে তাঁর কার্যালয়ে ডেকে এনে সাদা কাগজে স্বাক্ষর নেন। যাঁরা উপজেলা কার্যালয়ে আসেননি, তাঁদের স্বাক্ষর নেওয়ার জন্য উপকরণ ক্রয় কমিটির কয়েকজন সদস্য (প্রধান শিক্ষক) ওই বিদ্যালয়গুলোয় গিয়ে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেন।
এ ব্যাপারে এম জি এম সারোয়ার হোসেন বলেন, ‘আমি কোনো প্রধান শিক্ষককে অফিসে ডেকে আনিনি। প্রধান শিক্ষকেরা নিজে থেকেই অফিসে এসেছেন। ক্রয় কমিটির সদস্যরা কী করছেন ওনারাই ভালো জানেন।’
উপকরণ ক্রয় কমিটির সদস্য প্রধান শিক্ষক আবু জাফরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকের পরিচয় পেয়ে মুঠোফোনটি বন্ধ করে দেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসেন আলী বলেন, ‘সংবাদটি আমার নজরে এসেছে। আগে দেখি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কী নির্দেশ দেন। সেই অনুযায়ী পরে ব্যবস্থা নেওয়া হবে।’