সাদাপোশাকধারী পুলিশের তাড়ায় পানিতে ডুবে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর এলাকায় সাদাপোশাকধারী পুলিশের ধাওয়া খেয়ে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়। একই ঘটনায় পুলিশ তিন ব্যক্তিকে আটক করার পর ৩০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত ব্যক্তি বক্তারপুরের মো. সোলাইমান মিয়া (৫০)।
প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় উপজেলার ফালাইনা মিয়ার টেকের একটি ঝোপের পাশে বসে সোলাইমান ছাড়াও এলাকার সারোয়ার হোসেন, তালু মিয়া, লিটন ও তাইজুল জুয়া খেলছিলেন। ওই সময় সাদাপোশাকে দুই-তিনজনকে সঙ্গে নিয়ে থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল হক সেখানে অভিযান চালান। একপর্যায়ে ওই পুলিশ কর্মকর্তা ধাওয়া করে তালু মিয়া (৫০), লিটন (৪০) ও তাইজুল ইসলামকে (৫৫) আটক করেন। তবে সারোয়ার ও সোলাইমান পাশের নাওয়ানের বিলে ঝাঁপ দেন। সারোয়ার সাঁতরে ডাঙায় উঠলেও সোলাইমান নিখোঁজ হন। ওই দিন রাত পর্যন্ত খোঁজ করেও তাঁর সন্ধান মেলেনি। গতকাল দুপুরে বিলে তাঁর লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
লিটন ও তাইজুলের পরিবারের লোকজন বলেন, তিনজনকে আটক করে গাড়িতে (লেগুনা) করে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন পরিদর্শক আবদুল হক। পরে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দেওতলা মোড়ে ৩০ হাজার টাকা দিয়ে তিনজনকে ছাড়িয়ে আনে তাঁদের পরিবার।
আবদুল হক বলেন, সোলাইমান মাছ ধরতে গিয়ে ডুবে মারা যান। আর জুয়া না খেলার শর্তে আটক ব্যক্তিদের এমনিতেই ছেড়ে দেওয়া হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ বলেন, পুলিশের ধাওয়া খেয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।