সাদাপোশাকে তরুণকে তুলে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার চকপাড়া গ্রামের সিরাজুল ইসলাম ওরফে সিরাজকে (২৮) পুলিশের সাদাপোশাকের সদস্যরা তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে গতকাল বুধবার দুপুরে সিরাজুল ইসলামের মা শেফালী বেগম এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শেফালী বেগম বলেন, ‘কয়েকজন সাদাপোশাকধারী পুলিশ সদস্য গত রোববার বাড়ি থেকে আমার ছেলে সিরাজুলকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে গত মঙ্গলবার পলাশবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশ তা নিতে অস্বীকৃতি জানায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার কাছে শরণাপন্ন হলেও এখন পর্যন্ত ছেলের সন্ধান পাইনি।’
শেফালী অভিযোগ করে বলেন, ‘সিরাজুল যদি কোনো অপরাধ করে থাকে বা তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা থাকে, তবে আইন অনুযায়ী তাকে অবিলম্বে আদালতে হাজির করা হোক। অন্যথায় আমার ছেলের কোনো জানমালের ক্ষতি হলে সে দায়ভার সরকারকেই নিতে হবে।’
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সিরাজুলের স্ত্রী দৌলতুন্নাহার, ভাই নুহু মিয়া, শাশুড়ি হাজরা বেগম, শ্যালিকা রাবেয়া বেগম প্রমুখ।
এ বিষয়ে জানতে চাইলে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান গতকাল রাত সাড়ে সাতটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পুলিশ কাউকে তুলে নিয়ে যায়নি। এ ছাড়া এ নিয়ে কেউ থানায় জিডি করতেও আসেনি।