সাদুল্যাপুরে কিশোরকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধ ছিল দুই ভাইয়ের। এক ভাই আরেক ভাইয়ের ছেলেকে হত্যার হুমকি দেন। ভয়ে সেই ছেলে এক প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেয়। সেখানে গিয়ে হামলা চালান অপর ভাই। এ সময় খুন হয় আশ্রয়দাতার ছেলে।
গত বৃহস্পতিবার গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ছোট দৌলতপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম সুশীল চন্দ্র (১৬)। সে ওই গ্রামের নারায়ণ চন্দ্রের ছেলে।
সাদুল্যাপুর থানার পুলিশ ও নিহত কিশোরের পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ছোট দৌলতপুর গ্রামের এখলাছ উদ্দিনের সঙ্গে জমি নিয়ে তাঁর ভাই মোখলেছ উদ্দিনের বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে সম্প্রতি এখলাছের ছেলে হান্নান মিয়াকে হত্যার হুমকি দেন মোখলেছ উদ্দিন। এরপর থেকে হান্নান ভয়ে রাতে প্রতিবেশী নারায়ণ চন্দ্রের বাড়িতে গিয়ে ঘুমাতে শুরু করেন।
বিষয়টি জানতে পেরে গত বৃহস্পতিবার গভীর রাতে মোখলেছ উদ্দিনের নেতৃত্বে সাত-আটজন নিখিল চন্দ্রের বাড়িতে হামলা চালান। এ সময় তাঁরা হান্নানকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। এতে বাধা দেওয়ায় তাঁরা নারায়ণ চন্দ্রের ছেলে সুশীল চন্দ্রকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে সে ঘটনাস্থলেই নিহত এবং হান্নান গুরুতর আহত হন। এ সময় শব্দ শুনে আশপাশের লোকজন ডাকাত বলে চিৎকার করতে থাকলে তাঁরা পালিয়ে যান।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর স্থানীয় লোকজন হান্নানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পুলিশ খবর পেয়ে গতকাল শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে সুশীলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠিয়েছে। গতকাল সন্ধ্যা সাতটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।
সুশীলের বাবা নারায়ণ চন্দ্র অভিযোগ করেন, ‘জমি নিয়ে আমাদের সঙ্গে মোখলেছ উদ্দিনের বিরোধ নেই। কিন্তু মোখলেছ উদ্দিন ও তাঁর লোকজন রাতের আঁধারে আমার ছেলেকে হত্যা করল। আমি এর বিচার চাই।’
সাদুল্যাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।