সাদুল্যাপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের খামার দশলিয়া গ্রামে গত সোমবার রাতে মনিরা আকতার (৩০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে মনিরার স্বামী লুৎফর রহমান ও তাঁর বাড়ির লোকজন পলাতক রয়েছেন।
নিহত ব্যক্তির পরিবার ও সাদুল্যাপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মনিরা সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের সুবর্ণদহ গ্রামের মফিজুল হকের মেয়ে। ২০০৩ সালে মনিরার সঙ্গে সাদুল্যাপুরের নলডাঙ্গা ইউনিয়নের খামার দশলিয়া গ্রামের নবির হোসেনের ছেলে ব্যবসায়ী লুৎফর রহমানের বিয়ে হয়। মনিরার শারীরিক প্রতিবন্ধী এক মেয়ে হয়। ১২ বছর বয়সের ওই মেয়েটি তার নানাবাড়িতে থাকে। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। সামান্য বিষয়ে লুৎফর প্রায়ই স্ত্রীকে মানসিক নির্যাতন ও শারীরিকভাবে মারধর করতেন। এ নিয়ে কয়েক দফা স্থানীয়ভাবে সালিস বৈঠক হয়। সোমবার দুপুরে মনিরা বাবার বাড়িতে বেড়াতে যেতে চান। স্বামী এতে অস্বীকৃতি জানান। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মনিরাকে লুৎফর মারধর করেন। এরপর থেকে মনিরাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সোমবার রাত পৌনে ১২টার দিকে স্থানীয় লোকজন বাড়ির পাশের পুকুরে মনিরার লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। পুলিশ সোমবার রাতেই তাঁর লাশ উদ্ধার করে। গতকাল মঙ্গলবার ময়নাতদন্তের জন্য তাঁর লাশ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মফিজল বাদী হয়ে লুৎফরসহ ছয়জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন।
মনিরার বড় ভাই রুবেল মিয়া অভিযোগ করে বলেন, ‘সম্প্রতি ঢাকায় লুৎফর দ্বিতীয় বিয়ে করেন। ছয় মাস ধরে তিনি নতুন বউকে ঘরে তোলার জন্য মনিরাকে চাপ দিচ্ছিলেন। কিন্তু মনিরা তাতে রাজি হননি। এ কারণে আমার বোনকে মারধর বা শ্বাসরোধে হত্যার পর লাশ পুকুরে ফেলে পালিয়েছেন লুৎফর ও তাঁর পরিবারের লোকজন। আমি এ হত্যার বিচার চাই।’
ঘটনার পর থেকে লুৎফর ও তাঁর বাড়ির লোকজন পলাতক থাকায় এ বিষয়ে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মনিরার লাশ উদ্ধারের সময় তাঁর নাক দিয়ে রক্ত পড়ছিল। মনিরার লাশ পুকুরে ভাসলেও পেটে পানি ছিল না। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।