সাদুল্যাপুরে জমি নিয়ে সংঘর্ষ, একজন নিহত
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার সদরপাড়া গ্রামে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও নয়জন আহত হয়েছেন। গত বুধবার এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সদিয়াজ্জামান মিয়া (৪৫)। গতকাল বৃহস্পতিবার ভোররাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি সদরপাড়া গ্রামের খোকা মিয়ার ছেলে।
পুলিশ ও সদিয়াজ্জামানের পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ৬০ শতক জমি নিয়ে ওই গ্রামের মোহাম্মদ আলীর সঙ্গে প্রতিবেশী আকবর আলীর বিরোধ ও মামলা চলছিল। সম্প্রতি আদালত জমির মালিক হিসেবে আকবর আলীর পক্ষে রায় দেন। রায় পাওয়ার পর আকবর আলী তাঁর পক্ষের লোকজন নিয়ে বুধবার বিকেলে ওই জমির দখল নিতে যান। এ সময় মোহাম্মদ আলী ও তাঁর লোকজন তাঁদের বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সদিয়াজ্জামানসহ উভয় পক্ষের ১০ জন আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে সদিয়াজ্জামানসহ চারজনকে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোররাতে সদিয়াজ্জামান মারা যান। সদিয়াজ্জামান মোহাম্মদ আলীর ভাতিজা।