সাদুল্যাপুরে ধান কাটা নিয়ে সংঘর্ষ, আহত ১১
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামে গতকাল সোমবার ধান কাটা নিয়ে সংঘর্ষে নারীসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
সাদুল্যাপুর থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে ওই গ্রামের ইব্রাহিম আলীর সঙ্গে একই গ্রামের শাহাদত হোসেনের বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মামলাও ছিল। গতকাল সকালে শাহাদত হোসেন ওই জমির বিচারাধীন মামলায় আদালতে হাজিরা দিতে গাইবান্ধা যান। এই সুযোগে দুপুরে ইব্রাহিম আলী ভাড়াটে লোকজন নিয়ে ওই বিরোধপূর্ণ জমির ধান কাটতে যান। খবর পেয়ে শাহাদত বাড়িতে এসে লোকজন নিয়ে ধান কাটতে বাধা দেন। এতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১১ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে ওই গ্রামের আবদুর রউফ (৪৮), আমিনুল ইসলাম (৩০), সেলিম মিয়া (৪০), হিরু মিয়া (৩২), গোলাপী বেগম (৪০), আফরুজা খাতুন (২০) ও লাভলী বেগমকে (৩০) সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং শাহাদত হোসেন (৬২), ছামছুল ইসলাম (৬৫), মিনারা বেগম (৩৫), বেবী বেগমকে (৪৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। তাঁরা হচ্ছেন গ্রামের ইব্রাহিম আলী (৬০) ও স্বাধীন মিয়া (৩০)। সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বলেন, এ ঘটনায় শাহদাত হোসেন বাদি হয়ে আটক করা দুজনসহ মোট ৩৭ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অন্ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। সব আসামি এলাকা ছেড়ে পালিয়েছে।