সাদুল্যাপুরে ২৭ হাজার পিস ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বকশিগঞ্জ বাজার এলাকা থেকে গতকাল সোমবার বিকেলে ২৭ হাজার পিস ইয়াবা বড়িসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা ইয়াবা বড়ির মূল্য প্রায় ১ কোটি টাকা বলে পুলিশ সূত্র জানায়।
সাদুল্যাপুর থানা-পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আলিম উদ্দিন ও তাঁর সহযোগীরা উত্তরাঞ্চলে খুচরা ও পাইকারি ইয়াবা বড়ি বেচাকেনা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বকশিগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে আলিম উদ্দিন ও তাঁর ছেলেসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন ধাপেরহাট ইউনিয়নের বোয়ালিদহ গ্রামের আলিম উদ্দিন (৫৫) ও তাঁর ছেলে সবুজ মিয়া (২৫)। এছাড়া আলিম উদ্দিনের সহযোগী হিসেবে কাজ করা পলাশবাড়ী উপজেলার মুরালীপুর গ্রামের মাহাবুর রহমানের ছেলে মনিরুজ্জামান মিয়া (৩০) ও একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে নাজমুল মিয়া (২২) গ্রেপ্তার হন।
এ সময় তাঁদের কাছ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় োই ২৭ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবা বড়িগুলোর আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস গতকাল সোমবার সন্ধ্যায় মুঠোফোনে বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে।