সাধারণ ঠিকাদারদের কাছে দরপত্র বিক্রিতে বাধা দেওয়ার অভিযোগ
ঝালকাঠিতে প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য স্থাপনার দরপত্র গণপূর্ত বিভাগের বরিশাল কার্যালয় থেকে সাধারণ ঠিকাদারেরা কিনতে পারেননি। গণপূর্ত বিভাগ বরিশালের নির্বাহী প্রকৌশলী ওসমান গণি ও হিসাবরক্ষক আজাদুর রহমান এ দরপত্র কিনতে বাধা দিয়েছেন বলে ঠিকাদারেরা অভিযোগ করেছেন।
জানা যায়, গত ৩০ মার্চ এক নোটিশে ঝালকাঠিতে পুলিশ অফিসার মেস নির্মাণকাজের জন্য ঝালকাঠি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম উন্মুক্ত দরপত্র আহ্বান করেন। নোটিশে ঝালকাঠি গণপূর্ত বিভাগ কার্যালয়, পুলিশ সুপার দপ্তর ছাড়াও বরিশাল গণপূর্ত বিভাগ কার্যালয়, বিভাগীয় কমিশনার কার্যালয়, ডিআইজি কার্যালয় এবং ঢাকা ও খুলনাসহ বিভিন্ন স্থান থেকে এ দরপত্র কেনা যাবে বলে উল্লেখ ছিল। কিন্তু বরিশাল গণপূর্ত বিভাগ কার্যালয়ে গিয়ে সাধারণ ঠিকাদারেরা দরপত্র কিনতে পারেননি। গতকাল সোমবার ওই দরপত্র কেনার শেষ দিন ছিল। আজ মঙ্গলবার তা জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা আছে।
পটুয়াখালীর ঠিকাদার রেজাউল ইসলাম বলেন, গতকাল বরিশাল গণপূর্ত কার্যালয়ে দরপত্র কিনতে গেলে হিসাবরক্ষক আজাদুর রহমান বাইরের লোকজনের কাছে এ দরপত্র বিক্রিতে নিষেধ রয়েছে বলে জানান। নির্বাহী প্রকৌশলীর অনুমতি ছাড়া দরপত্র বিক্রি করা যাবে না বলে আজাদুর রহমান তাঁকে ফিরিয়ে দেন।
মেসার্স মির্জা কনস্ট্রাকশনের পক্ষে ওই দরপত্র কিনতে বরিশাল গণপূর্ত কার্যালয়ে যাওয়া আরেক ঠিকাদার তুহিন খান বলেন, উন্মুক্ত হলেও বরিশালের নির্বাহী প্রকৌশলী ওসমান গণি তাঁকে দরপত্র কিনতে দেননি। পরে বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে তিনি দরপত্র কিনেছেন।
বরিশাল গণপূর্ত কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী ওসমান গণি বলেন, ‘আমি দুইটা পর্যন্ত সমন্বয় সভায় ছিলাম। এরপর বরিশাল গণপূর্ত বিভাগে দরপত্র কিনতে কেউ আসেননি। এসব অভিযোগ কীভাবে দেয় বুঝতে পারছি না।’
গণপূর্ত বিভাগের হিসাবরক্ষক আজাদুর রহমান বলেন, ‘দরপত্র বিক্রি করা হয়নি কথাটা ঠিক নয়। মূলত কাগজপত্র না থাকার কারণে দরপত্র বিক্রি করা হয়নি। বরিশাল কার্যালয় থেকে কেউ দরপত্র নেয়নি।’
ঝালকাঠি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম বলেন, ‘ঝালকাঠি কার্যালয় থেকে দরপত্র বিক্রি হয়েছে। মোট কতগুলো দরপত্র বিক্রি হয়েছে তা এ মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।’