বরগুনার আমতলী উপজেলা ছাত্রলীগের পদ নিয়ে দ্বন্দ্বের জের ধরে সাধারণ সম্পাদক পদের প্রার্থী সজীবুর রহমানকে কুপিয়ে গুরুতর আহত করেছেন অপর ছাত্রলীগ কর্মীরা। গত শনিবার রাত একটার দিকে পৌর শহরের ঈদগাহ মাঠের সামনে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, এ বছর ১৯ মার্চ আমতলী উপজেলা ও পৌর ছাত্রলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই কর্মী সম্মেলনের পর থেকে পদ নিয়ে বিভিন্ন গ্রুপ তদবির করছে। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে তিনজন এবং পৌর ছাত্রলীগের সভাপতি পদে দুজন তদবির করে আসছেন। পৌর সভাপতির পদ নিয়ে হাসান শিকদার ও সবুজ মেলকারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে শনিবার রাত একটার দিকে আমতলী ঈদগাহ মাঠের সামনে পৌর সভাপতি পদপ্রার্থী হাসান শিকদারকে অপর সভাপতি পদপ্রত্যাশী সবুজ মেলকার ও তাঁর সহযোগী সুমন প্যাদা, মিঠুসহ পাঁচ-ছয়জন ছাত্রলীগ কর্মী ঈদগাহের সামনে জড়ো হন। এ সময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মো. সজীবুর রহমান তাঁদের বাধা দিলে তাঁরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। পরে হাসানের ডাকচিৎকারে লোকজন ছুটে এসে থানায় খবর দেন। পুলিশ সজীবকে উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেসবাহ উদ্দিন তাঁকে (সজীব) সংকটজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাতে সজীবকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার গৌরাঙ্গ হাজরা বলেন, সজীবের দুটি পা ও দুই হাতে ধারালো অস্ত্রের ছয়টি জখমের চিহ্ন রয়েছে।
পৌর ছাত্রলীগের সভাপতি পদপ্রত্যাশী হাসান শিকদার মুঠোফোনে বলেন, ‘রাত একটার দিকে বাসায় যাওয়ার পথে ঈদগাহ মাঠের সামনে গেলে পৌর ছাত্রলীগের সভাপতি পদপ্রত্যাশী সবুজ মেলকার ও তাঁর সহযোগীরা আমার ওপর হামলা করলে দৌড়ে গিয়ে অল্পের জন্য আমি রক্ষা পাই। এ সময় সেখানে উপস্থিত সজীব এর প্রতিবাদ করলে তাঁরা সজীবকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। আমার ডাকচিৎকারে লোকজন ও পুলিশ ছুটে আসে। পরে পুলিশ সজীবকে উদ্ধার করে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।’ তিনি আরও বলেন, পৌর ছাত্রলীগের পদের জন্য সবুজ মেলকার এ ঘটনা ঘটিয়েছেন।
সজীবের বাবা বাহাদুর মিয়া বলেন, ‘আমার ছেলের কোনো শত্রু নেই। ছাত্রলীগের রাজনীতির প্রতিহিংসার শিকার হয়েছে।’
সবুজ মেলকার মুঠোফোনে সজীবকে কোপানোর কথা অস্বীকার করে বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। আমি অনেক দূরে বেড়াতে এসেছি। আমি কোনো পদপ্রত্যাশী নই।’
জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান বলেন, ‘হামলার বিষয়টি শুনছি, জেলা ছাত্রলীগের চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্তসাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্লাহ সজীবকে কোপানোর কথা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছাত্রলীগের দলীয় কোন্দলের কারণেই এ ঘটনা ঘটেছে।