বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার বিরুদ্ধে স্বাক্ষর জাল করে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছেন সংগঠনটির সভাপতি এবং ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। গতকাল সোমবার রাজধানীর শাহবাগ থানায় প্রতিমন্ত্রীর স্বাক্ষরিত এজাহার জমা দেন তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) জয়দেব নন্দী।
এজাহারে অরুণ সরকারের বিরুদ্ধে প্রতিমন্ত্রীর স্বাক্ষর জাল করে রাজনৈতিক কর্মসূচি পালনের নামে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা তুলে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক প্রথম আলোকে মামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, মামলার অভিযোগ দুর্নীতি দমন কমিশনের (দুদক) তালিকাভুক্ত হওয়ায় বিষয়টি তদন্তের জন্য দুদকে পাঠানো হবে।
যোগাযোগ করা হলে অরুণ সরকার স্বাক্ষর জাল করার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি এ রকম কোনো জায়গায় স্বাক্ষরই করিনি।’