সাধারণ সম্পাদকের সই জাল করে সভা ডাকার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ সম্পাদকের সই জাল করে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা আহ্বান করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকার লিখিত বিবৃতিতে নিজের স্বাক্ষর জাল করার অভিযোগ করেন।
জেলা আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে, গত বছরের নভেম্বর মাসে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় ১২টি শূন্যপদ পূরণ নিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে যান। এরপর থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্মমন্ত্রী মতিউর রহমানের কাছ থেকে পৃথক হয়ে যান সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকারসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা। দলীয় বিরোধের জের ধরে প্রায় এক বছর ধরে জেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পৃথকভাবে পালন করছে। সর্বশেষ ৩ নভেম্বর জেলহত্যা দিবসের কর্মসূচিও তারা পৃথকভাবে পালন করে।
দলীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার বেলা ১১টায় শিববাড়ী সড়কে অবস্থিত দলীয় কার্যালয়ে একটি সভা ও শহরের কাচারি সড়কের একটি কমিউনিটি সেন্টারে দুপুর ১২টায় আওয়ামী লীগের কার্যকরী কমিটির অপর একটি সভা আহ্বান করা হয়। দুটি সভায় উপস্থিত হওয়ার জন্য দলের সদস্যদের কাছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠি পৌঁছায়। দুটি সভার চিঠিতেই একই ব্যক্তির স্বাক্ষর থাকায় নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে মতিন সরকার গত বৃহস্পতিবার বিকেলে ‘প্রতিবাদ’ শিরোনামে লিখিত এক বিবৃতিতে উল্লেখ করেন, ‘বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম কে বা কারা আমার স্বাক্ষর জাল করে ২১ নভেম্বর (শনিবার) জেলা আওয়ামী লীগের তথাকথিত সভা আহ্বান করেছে।’
আবদুল মতিন সরকার প্রথম আলোকে বলেন, ‘আমার স্বাক্ষরে শনিবার দুপুর ১২টায় শহরের কাচারি রোডে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা ডাকা হয়েছে। আর আমার স্বাক্ষরে শিববাড়ী দলীয় কার্যালয়ে যে সভা আহ্বান করা হয়েছে, সেটির সম্পর্কে আমি অবগত নই। আমার স্বাক্ষর জাল করা হয়েছে।’
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মজিবুর রহমান খান বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশে জেলা আওয়ামী লীগের শিববাড়ী কার্যালয়ে কার্যকরী কমিটির সভা আহ্বান করা হয়েছে। দলের সাধারণ সম্পাদক হিসেবে আবদুল মতিন সরকারের স্বাক্ষরে সভাটি ডাকা হয়। এখন তিনি যদি সই জাল করার অভিযোগ করেন, তা হলে আমার কিছু বলার নেই।’ তিনি আরও বলেন, শনিবার (আজ) বেলা ১১টায় দলীয় কার্যালয়ে কার্যকরী কমিটির সভা হবে এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান এতে সভাপতিত্ব করবেন।