সান্তাহার ইয়ার্ডে নষ্ট হচ্ছে ১১৫টি ওয়াগন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের পর বছর ধরে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন ইয়ার্ডে অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে কয়েক শ কোটি টাকা মূল্যের ১১৫টি মালবাহী ওয়াগন। মেটালিসটিক রাবার ইউনিট নামের একটি ক্ষুদ্র যন্ত্রাংশের অভাব এবং ওয়াগনের চাহিদা না থাকার অজুহাতে এগুলো ফেলে রাখা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সান্তাহার রেলওয়ে ইয়ার্ডে প্রায় ৫০০ ওয়াগন রয়েছে। বেশ কিছু ওয়াগন দীর্ঘদিন পড়ে থাকায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
সান্তাহার রেলওয়ে জংশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশল (ক্যারেজ) দপ্তর সূত্র জানায়, পড়ে থাকা এসব ওয়াগনের ৯০টি বিসি এবং ২৫টি বিসিএফজি বা হপার ওয়াগন। কর্তৃপক্ষ মেরামতের উদ্যোগ না নেওয়ায় চলাচলযোগ্য এই ওয়াগনগুলো দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টিতে ভিজে-পুড়ে নষ্ট হচ্ছে। পাশাপাশি চুরি হয়ে যাচ্ছে এর যন্ত্রাংশ। অথচ একটি ওয়াগন চলাচলযোগ্য করতে ১৬টি করে মেটালিসটিক রাবার ইউনিট প্রয়োজন হয়। একেকটি মেটালিসটিক রাবার ইউনিটের আমদানিমূল্য ছয় হাজার থেকে ১২ হাজার টাকা। ইতিমধ্যে এসব ওয়াগনের ৪০টি প্রায় নষ্ট হয়ে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেকোনো সময় এই ওয়াগনগুলো ব্যবহারের অনুপযোগী ঘোষণা করতে পারে।
এদিকে পাবনার ঈশ্বরদী ইয়ার্ডে একই কারণে মেয়াদোত্তীর্ণ আরও ৫০টি ওয়াগন সান্তাহার ডিপোতে এনে রাখা হয়েছে। এগুলোও মেটালিসটিক রাবার ইউনিটের অভাবে অচল হয়ে রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে তিন-চারজন রেল কর্মচারী অভিযোগ করেন, রেলওয়ের প্রয়োজনে বিদেশ থেকে কোটি কোটি টাকার ওয়াগন আমদানি করা হয়, অথচ স্বল্পমূল্যের মেটালিসটিক রাবার ইউনিটের অভাবে ইয়ার্ডে পড়ে থাকা ওয়াগনগুলো মেরামত করা হচ্ছে না।
সান্তাহার রেলওয়ের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, সৈয়দপুর কারখানায় অতি প্রয়োজনীয় মেটালিসটিক রাবার ইউনিটের সরবরাহ না থাকায় দেড় যুগেরও বেশি সময় ধরে শতাধিক বিসি ধরনের মালবাহী ওয়াগন মেরামত করা হচ্ছে না। এ ছাড়াও একই কারণে পার্বতীপুর ওয়াগন ডিপোতে ১২০টি ওয়াগন পড়ে রয়েছে। সাত-আট বছর আগে ভারত ও ইংল্যান্ড থেকে মেটালিসটিক রাবার ইউনিট আমদানি করা হয়। সেগুলো ব্যবহার করে কিছুদিন চলার পর আবার ওয়াগনগুলো অকেজো হয়ে পড়ে। এ কারণে এসব যন্ত্রাংশ আমদানির আর কোনো উদ্যোগ নেয়নি রেলওয়ে কর্তৃপক্ষ।
এ ছাড়া মালামাল পরিবহনে এসব ওয়াগনের তেমন চাহিদা না থাকায় প্রশাসন এগুলো মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ করার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে না।