সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে উচ্ছেদ অভিযান
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় গতকাল শনিবার উচ্ছেদ অভিযান চালিয়েছে রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগ। এ সময় রেলগেট এলাকা থেকে প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ে পাকশী বিভাগের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা হাফিজুর রহমান। গতকাল সকাল ১০টা থেকে এই অভিযান শুরু হয়। এ সময় রেলওয়ে ভূ-সম্পদ বিভাগ, জিআরপি থানা-পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও সান্তাহার রেলওয়ের বিভিন্ন প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সান্তাহার জংশন স্টেশনের মাস্টার রেজাউল করিম বলেন, সান্তাহার স্টেশন প্ল্যাটফর্ম-সংলগ্ন এলাকা থেকে প্রায় ৫০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এসব অবৈধ দোকান গড়ে ওঠায় ট্রেন চলাচলে অসুবিধা হচ্ছিল। এ ছাড়া, এসব এলাকায় নানা ধরনের মাদক কেনাবেচা করা হয় বলে অভিযোগ আছে।
ভূ-সম্পত্তি কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, এসব অবৈধ স্থাপনা যেন পুনরায় তৈরি না হয় সে বিষয়ে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রয়োজনীয় লোকবল ও যন্ত্রপাতি না থাকায় বড় ধরনের স্থাপনা উচ্ছেদ করা সম্ভব হয়নি। পরে ওই সব স্থাপনা উচ্ছেদ করা হবে।