সান্তাহারে জোড়া খুনের ঘটনায় পাল্টা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে জোড়া খুনের ঘটনায় পাল্টা মামলা করা হয়েছে। আদমদীঘি উপজেলা ব্যাটারিচালিত অটোরিকশা মালিক সমিতি ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফেরদৌস হাসানের বাবা আফজালুল ইসলাম বাদী হয়ে বগুড়ার আদালতে এই মামলাটি করেন।
আফজালুল ইসলাম মামলায় তাঁর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া এবং নগদ ৪ লাখ ৯৫ হাজার টাকা ও ১৩ ভরি সোনার গয়না লুটসহ মোট ২২ লাখ ৭ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেছেন। মামলায় তিনি আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান, সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি নিহত যুবলীগ নেতা শফিকুলের বড় ভাই নূর ইসলাম, তাঁর ছোট ভাই সান্তাহার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শ্রমিক লীগ নেতা রাশেদুল ইসলামসহ ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করে ১৮ জানুয়ারি আদালতে ওই মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে আদমদীঘি থানার ওসিকে এজাহার হিসেবে নেওয়ার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে থানায় মামলা রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ওসি শওকত কবির।
সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক ইউনিয়ন এবং ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সমিতির মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে গত ৮ জানুয়ারি সান্তাহারে সন্ত্রাসী হামলায় যুবলীগ নেতাসহ জোড়া খুনের ঘটনা ঘটে। যুবলীগ নেতা শফিকুল ইসলাম খুনের তিন দিনের মাথায় ও শ্রমিক নেতা সোহরাব হোসেন ওরফে সোহাগ খুনের সাত দিন পর আদমদীঘি থানায় দুটি পৃথক হত্যা মামলা দায়ের করা হয়। ওই জোড়া খুনের প্রতিবাদে দুই-তিন দিনের বিরতি দিয়ে নানা আন্দোলন কর্মসূচি চলছে।