সান্তাহারে সরকারি সম্পত্তির দখল বিক্রির অভিযোগ

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকায় একটি পরিত্যক্ত দোতলা ভবনসহ দুই শতক সরকারি জমির দখল বিক্রি করা হয়েছে। ওই এলাকার এক নারী ওই সম্পত্তির দখল বিক্রি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী সূত্র জানায়, বগুড়ার সান্তাহার পৌর শহরের হার্ভে স্কুল সড়কে সাঁতাহার মৌজার দুই শতক জমির ওপর নির্মিত অবাঙালি একটি পরিবারের পরিত্যক্ত একটি দোতলা ভবন ওই জমিসহ স্বাধীনতাযুদ্ধের পর সরকারি (খাস) তালিকাভুক্ত করা হয়। সেই সময় স্থানীয় কয়েকজন তরুণ সমতা ক্লাব ও সমতা শিল্পীগোষ্ঠী নামে একটি সংগঠনের কার্যালয় হিসেবে ওই ভবনটি ব্যবহার করতে থাকে। প্রায় দুই দশক ধরে তাঁরা এখানে ক্লাব ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করেন। একসময় মর্জিনা বেগম নামে এক নারী ওই ভবনটির জায়গা তাঁর বাবার বলে দাবি করে এর একটি কক্ষে বাস করার জন্য ক্লাব কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। সে সময় ক্লাব কর্তৃপক্ষ মানবিক কারণে তাঁকে বসবাস করার জন্য ওপর তলার একটি কক্ষ ছেড়ে দেয়। এরপর তিনি পরিবার নিয়ে ওই ভবনে বাস করতে থাকেন। প্রায় ১০ বছর আগে ওই ক্লাবের সার্বিক কার্যক্রম বিলুপ্ত হয়ে যায়। এই সুযোগে মর্জিনা পুরো ভবন ও জমি তাঁর দখলে নিয়ে পজিশন বিক্রির পাঁয়তারা করতে থাকেন। সম্প্রতি তিনি কয়েকজন অসাধু কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে ভবন ও জমির পজিশন মাত্র ২ লাখ ৩০ হাজার টাকায় বেবী বেগম নামের এক নারীর কাছে হস্তান্তর করেন।
এ ব্যাপারে মর্জিনা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভাবের তাড়নায় পজিশন বিক্রি করেছেন বলে স্বীকার করেন।
তবে আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান বলেন, জরুরিভিত্তিতে তদন্ত করে ওই জায়গার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।