সাপাহার ইউপিতে ভোট কারচুপির অভিযোগ
নওগাঁর সাপাহার সদর ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন-সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নার্গিস সরকার। তিনি ওই ইউপির দুটি কেন্দ্রের ভোট গণনায় অনিয়মের অভিযোগ এনে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন।
নির্বাচনের পাঁচ দিন পর গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় সাপাহার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নার্গিস সরকার এ দাবি জানান। ৭ মে চতুর্থ দফা ইউপি নির্বাচনে সাপাহার সদর ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর কাছে নার্গিস সরকার ৩০৭ ভোটে পরাজিত হন। তিনি নওগাঁ জেলার একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নার্গিস সরকার বলেন, ‘৭ মে ভোটের দিন সাপাহার সদর ইউপিতে রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিকল্পিতভাবে আমাকে হারানোর জন্য সূক্ষ্ম কারচুপির আশ্রয় নেন। ইউনিয়নের মদনশিং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মানকুড়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোট গণনায় ব্যাপক অনিয়ম করেন। প্রশাসনের কর্মকর্তারা আমার এজেন্টকে ভয়ভীতি দেখান। ওই দুটি কেন্দ্রে নৌকা প্রতীকে সিল মারা নেই—এমন শতাধিক ব্যালট পেপার বাতিল করা হয়েছে। ভোট আবার গণনা করা হলে এর সত্যতা প্রমাণিত হবে।’
নার্গিস সরকার বলেন, ‘আমি আওয়ামী লীগের কর্মী হিসেবে দলীয় মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি এমনকি তৃণমূল নেতা-কর্মীদের মতামত উপেক্ষা করে মাত্র দুই-একজনের পছন্দের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়। এ ধরনের প্রার্থীকে মেনে নিতে না পেরে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করি। এ জন্য উপজেলা আওয়ামী লীগের মহিলা-বিষয়ক সম্পাদকের পদ থেকে আমাকে বহিষ্কার করা হয়। সর্বশেষ আমার জনপ্রিয়তা দেখে আওয়ামী লীগের প্রার্থী প্রশাসনকে হাত করে অনিয়মের আশ্রয় নেন।’
আওয়ামী লীগের নির্বাচিত প্রার্থী আকবর আলী বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। কারচুপির অভিযোগ ভিত্তিহীন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা তোজাম্মেল হক বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।