সাপাহার সীমান্ত এলাকায় যুবকের লাশ উদ্ধার
নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত এলাকার একটি বিল থেকে আবদুল মমিন (১৯) নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে লাশটি উদ্ধার করা হয়।
এর আগে দুপুরের দিকে স্থানীয় লোকজন মমিনের লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন।
আবদুল মমিন উপজেলার চৌমহনী গ্রামের আফাজ উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার মমিন বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। আজ ওই সীমান্ত এলাকায় ২৩৮ পিলার এলাকায় একটি বিলের পানিতে তাঁর ভাসমান লাশ দেখতে পায় এলাকাবাসী।
স্থানীয় লোকজন জানান, মমিন গরু পাচারকারী দলের রাখাল হিসেবে কাজ করতেন। তবে তাঁর (মমিন) বাবা আফাজ উদ্দীন দাবি করেন, তাঁর ছেলে এসব কাজে জড়িত ছিলেন না।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর ইসলাম জানান, সন্ধ্যার পর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তদন্ত ছাড়া এ বিষয়ে আগাম কিছু বলা যাবে না বলে তিনি জানান। এ খবর লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।