সাপাহার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর সাপাহার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জিয়াউর রহমান (৩৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। ঘটনার পরই বিএসএফ তাঁর লাশ নিয়ে গেছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (িবজিবি) সূত্র জানায়, গত রোববার মধ্যরাতে জিয়াউর রহমানসহ ১০-১২ জন ব্যবসায়ী গরু আনতে সীমান্তের ২৪২/১০ আর পিলারের পাশ দিয়ে ভারতে যান। গরু নিয়ে গতকাল সোমবার ভোরে একই পথে ফেরার সময় ৩১ বিএসএফের রাঙামাটি ক্যাম্পের একটি টহল দল তাঁদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে আসতে পারলেও জিয়াউর রহমান সীমান্তের ৩০০ গজ ভেতরে আটকা পড়েন। এ সময় বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে তাঁর লাশ বিএসএফ নিয়ে যায়।
নওগাঁর ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল রফিকুল হাসান বলেন, গতকাল সকালে লাশ ফেরত চেয়ে এবং হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয় বিজিবি। বিকেলে পতাকা বৈঠক হয়। পতাকা বৈঠকে বিএসএফ জানিয়েছে, আজ মঙ্গলবার ময়নাতদন্তের পর লাশ হস্তান্তর করা হবে।
জিয়াউর রহমানের বাড়ি সাপাহার উপজেলার দক্ষিণ পাতাড়ি গ্রামে। তাঁর বাবার নাম মতিউর রহমান।