সাপাহারে ভিজিএফের চাল-গম উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়ন পরিষদ (ইউপি) কমপ্লেক্সের সভাকক্ষ থেকে ভিজিএফের এক হাজার ৬০০ কেজি চাল ও ২২৮ কেজি গম উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
কয়েকজন ইউপি সদস্যের অভিযোগের ভিত্তিতে গত শনিবার রাতে সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন মিঞা পুলিশ ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে এসব খাদ্যশস্য উদ্ধার করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুর আলম শাহ চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আল আমিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ঘটনায় পিআইও মো. আল আমিন সরকার বাদী হয়ে শিরন্টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সাপাহার উপজেলা জামায়াতের আমির আবদুল বাকীকে অভিযুক্ত করে সাপাহার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ওসি জাহিদুল ইসলাম চৌধুরী জানান, অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করার জন্য গতকাল রোববার দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজশাহী কার্যালয়ে পাঠানো হয়েছে।
ইউপি চেয়ারম্যান আবদুল বাকী দাবি করেন, ভিজিএফের চাল বিতরণ একটি চলমান প্রক্রিয়া। ঈদের আগে বেশ কিছু লোক চাল নিতে না আসায় তাদের চাল ঈদের পরে দেওয়ার কথা ছিল। এ জন্য চালগুলো ইউনিয়ন পরিষেদের হলরুমে রেখে দেওয়া হয়। জনগণের প্রাপ্য চাল আত্মসাৎ করার কোনো উদ্দেশ্য তাঁর ছিল না।
নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন ইউপি সদস্য জানান, সরকার জেলার প্রতিটি ইউনিয়নের মতো সাপাহারের শিরন্টি ইউনিয়নেও ভিজিএফের চাল বরাদ্দ দেয়। নিয়ম অনুযায়ী কোরবানির ঈদের আগেই এই চাল বিতরণ শেষ করার কথা। কিন্তু শিরন্টি ইউপি চেয়ারম্যান সেই নিয়ম উপেক্ষা করে ৩২টি বস্তায় ভরা এক হাজার ৬০০ কেজি চাল ইউনিয়ন পরিষদের সভাকক্ষে রেখে দেন। ঈদের পরেও ওই চাল বিতরণ না করায় ইউপি সদস্যরা বিষয়টি ইউএনওর কাছে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার সকাল থেকে নজরদারিতে রেখে সন্ধ্যার পর অভিযান চালানো হয়। অভিযানের সময় সেখান থেকে এক হাজার ৬০০ কেজি চাল এবং আরও চারটি বস্তায় ভরা ২২৮ কেজি গম উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা চাল ও গম স্থানীয় খাদ্যগুদামে জমা রাখা হয়।
এ ব্যাপারে ইউএনও রুহুল আমিন মিঞা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসৎ উদ্দেশ্যে চালগুলো মজুত করে রাখা হয়। নিয়ম অনুযায়ী চালগুলো ঈদের আগেই বিতরণ করার কথা। কিন্তু ওই ইউপি চেয়ারম্যান সরকারি নিয়ম উপেক্ষা করে চাল আত্মসাতের উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে মজুত করে রাখেন।