সাফারি পার্কের কর্মকর্তা ওসির হাতে লাঞ্ছিত
গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের এক কর্মকর্তাকে শ্রীপুর থানার ওসি লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ও সাফারি পার্ক সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ৪০-৪৫ জন দর্শনার্থী গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিআরটিসির একটি বাসে করে পার্কে আসেন। নিয়মানুযায়ী বাসটি পার্কের প্রধান ফটকের বাইরে রেখে দর্শনার্থীদের পার্কের নিজস্ব পরিবহনে করে ভেতরে নেওয়া হয়। তবে এ নিয়ে শ্রীপুর থানার এসআই মো. হেলাল উদ্দিন পার্কের অ্যানিমেল কিপার রফিকুল ইসলামকে গালাগাল করেন। এ সময় থানার ওসি মো. আসাদুজ্জামান রফিকুলকে শাসিয়ে বলেন, ‘বাস থেকে নামিয়ে দেওয়ার কাজটি তুই ঠিক করিসনি।’ একপর্যায়ে রফিকুলকে থাপড় মারার চেষ্টা করেন ওসি। ওসি তাঁকে আরও বলেন, ‘তুই একজন বহিরাগত, এ জন্য তোকে খেসারত দিতে হবে। তোকে বাস পোড়ানোর মামলায় ঢুকিয়ে দেওয়া হবে।’ পরে রফিকুল পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবু প্রসাদ ভট্টাচার্যকে বিষয়টি জানান।
ওসি মো. আসাদুজ্জামান থাপড় মারার বিষয়টি অস্বীকার করেছেন।