সাব-রেজিস্ট্রারসহ পাঁচজনকে গ্রেপ্তার দুদকের
বিভিন্ন দুর্নীতির মামলায় সাব–রেজিস্ট্রারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার ঝিনাইদহ, নাটোর, চাঁদপুর ও বগুড়ায় অভিযান চালিয়ে এঁদের গ্রেপ্তার করা হয় বলে দুদকের প্রধান কার্যালয় সূত্র জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাটোরের লালপুরের সাব–রেজিস্ট্রার মো. সামসুজ্জামান সরদার, ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের ভান্ডাররক্ষক মো. শামসুল আলম, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা মো. খলিলুর রহমান, চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোপটি (পশ্চিম) গ্রামীণ ব্যাংকের ম্যানেজার আনোয়ার হোসেন ভূঁইয়া এবং একই শাখার সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক সুভাষ সিংহ।
এ নিয়ে গত ২৯ দিনে সারা দেশে অভিযান চালিয়ে ৬০ জনকে গ্রেপ্তার করেছে দুদক। নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর গত ২৭ মার্চ থেকে গ্রেপ্তার অভিযান শুরু করে সংস্থাটি।
সাব–রেজিস্ট্রার সামসুজ্জামান সরদারের বিরুদ্ধে অভিযোগ, কুড়িগ্রামের ফুলবাড়ী থাকাকালে অবৈধভাবে হেবা দলিল রেজিস্ট্রি করিয়ে আর্থিকভাবে লাভবান হয়ে ১ লাখ ৫৮ হাজার টাকা আত্মসাৎ করে সরকারের রাজস্ব ক্ষতি করেছেন। এ অভিযোগে ২০১৫ সালের ১৭ নভেম্বর ফুলবাড়ী থানায় তাঁর বিরুদ্ধে মামলা করে দুদক।
গ্রাহকের স্বাক্ষর জাল করে ৪০ লাখ ৯২ হাজার ৯৫০ টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগে ২০১৫ সালের ১৯ নভেম্বরে চাঁদপুর সদর থানায় মামলা করা হয় গ্রামীণ ব্যাংকের গোপটি শাখার ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন ভূঞা ও সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক সুভাষ সিংহের বিরুদ্ধে।
বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা মো. খলিলুর রহমানের বিরুদ্ধে অভিযোগ, তিনি পেনশনের ১১ কোটি ৭৪ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এ অভিযোগে ২০১৬ সালের ২৩ এপ্রিল দুপচাঁচিয়া থানায় মামলা করা হয়।