সাব-লেট হিসেবে ঘর ভাড়া নিয়ে শিশু চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে অপহরণের সাড়ে পাঁচ ঘণ্টা পর সাত মাস বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার তিনজন হলেন: জান্নাত বেগম, শামীম আহমেদ ও আলাউদ্দিন। আজ সোমবার দুপুরে নগরের আকবর শাহ থানার কর্নেলহাট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম নগরের পতেঙ্গা মুসলিমাবাদ এলাকার বৈদ্যুতিক মিস্ত্রি হাবিবুর রহমানের ঘরে মাসখানেক আগে সাবলেট হিসেবে স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া নেন শামীম আহমেদ ও জান্নাত বেগম। সোমবার সকাল আটটার দিকে কৌশলে তারা হাবিবুর রহমানের সাত মাস বয়সী এক কন্যা শিশুকে নিয়ে যায়। পরে তারা মুঠোফোনে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। বিকাশের মাধ্যমে সকাল সাড়ে ১০ টার দিকে পাঁচ হাজার টাকা তাদের দেওয়াও হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে নগরের আকবর শাহ এলাকা থেকে শামীমকে আটক করা হয়। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বেলা দেড়টার দিকে একই এলাকার কর্নেলহাট থেকে জান্নাত ও আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে অপহৃত শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় শিশুটির বাবা হাবিবুর রহমান বাদী হয়ে পতেঙ্গা থানায় গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন।