সাবানের ভেতরে সোনা

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শনিবার এক প্রবাসী যাত্রীর লাগেজ থেকে দুই কেজি ১০০ গ্রাম সোনা আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। লাগেজ স্ক্যানিংয়ের (অবৈধ মালামাল শনাক্ত করা হয় যে যন্ত্রে) সময় এটি ধরা পড়ে। এ ঘটনায় সন্দেহভাজন যাত্রী জয়নাল আবেদীনকে আটক করা হয়েছে।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার ওমর মুবিন বলেন, গতকাল বেলা ১১টায় দুবাই থেকে সিলেটে অবতরণ করা বাংলাদেশ বিমানের বিজি-০৫২ ফ্লাইটে আসা এক যাত্রী অবৈধ সোনা বহন করছেন বলে তাঁদের কাছে খবর ছিল। লাগেজ স্ক্যানিং করার সময় বিষয়টি ধরা পড়ে। সাবানের ভেতর বিশেষ কৌশলে ১৮টি সোনার বার লুকানো ছিল, যা কার্বন পেপারে মোড়ানো। আটক করা সোনার ওজন দুই কেজি ১০০ গ্রাম। এর দাম প্রায় ৭২ লাখ টাকা।
কাস্টমস কর্মকর্তা বলেন, জয়নালের বিরুদ্ধে কাস্টমস কর্তৃপক্ষ মামলা করার পর তাঁকে ইমিগ্রেশন (অভিবাসন) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।