সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. মজিবুর রহমানের বিরুদ্ধে কলেজের বিভিন্ন তহবিল থেকে ৫৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। তবে মজিবুর রহমান কলেজের অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন।

লিখিত অভিযোগ ও কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, কলেজের নামে অগ্রণী ব্যাংক আমতলী শাখায় তিনটি সঞ্চয়ী হিসাব রয়েছে। এর একটি হিসাব কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও অধ্যক্ষের যৌথ স্বাক্ষরে পরিচালিত হতো। বাকি দুটি ব্যাংক হিসাব অধ্যক্ষের একক স্বাক্ষরে পরিচালিত হতো।

অভিযোগ আছে, যৌথ স্বাক্ষরে পরিচালিত ব্যাংক হিসাবে কলেজের আয়ের কোনো টাকা জমা করতেন না সাবেক অধ্যক্ষ। কলেজের আয়ের সব অর্থ ৪১৮৪ নম্বর হিসাবে এবং ব্যবসায় ব্যবস্থাপনা শাখার আয়ের টাকা ৮৮৭৫নম্বর হিসাবে জমা রাখতেন।

কলেজ প্রশাসন সূত্র জানায়, ২০১৬ সালের৭ এপ্রিল সরকার জাতীয়করণের জন্য আমতলী ডিগ্রি কলেজকে তালিকাভুক্ত করে। ওই বছরের ৩০ জুন বরিশালের সরকারি ফজলুল হক কলেজের দর্শন বিভাগের শিক্ষক মো. মাসুদ রেজাকে সংযুক্ত অধ্যক্ষ হিসেবে আমতলী ডিগ্রি কলেজে নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়। নতুন অধ্যক্ষ ১১ জুলাই এ কলেজে যোগ দেন। এর আগে মো. মজিবুর রহমান কোনো কারণ ছাড়াই তড়িঘড়ি করে কলেজের নামে ব্যাংকে পরিচালিত হিসাব থেকে ২০১৬ সালের ১০ এপ্রিল ১ লাখ ৮৯ হাজার ৫৪০ টাকা, ১১ এপ্রিল ৫৭ হাজার টাকা, ২৭ এপ্রিল ২ লাখ ৮৬ হাজার ১৮২ টাকা, ৯ জুন ২ লাখ ২৪ হাজার ৭৮২ টাকা, ২১ জুন ২ লাখ ৪১ হাজার ৭০৭ টাকা, ২৭ জুন ৩ লাখ ৩০ হাজার টাকা এবং ব্যবসায় ব্যবস্থাপনা শাখার হিসাব নম্বর থেকে ১৯ এপ্রিল ২ লাখ ৯৮ হাজার ৮০০ টাকা ও ১৯ মে ৮০ হাজার ৩৪০ টাকা তুলে আত্মসাৎ করেন।

এ ছাড়া ২০১৬ সালের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফি বাবদ ৩ লাখ ৬০ হাজার টাকা আদায় হয়। কিন্তু ২ লাখ ২১ হাজার টাকা ব্যাংকে জমা দিয়ে ১ লাখ ৩৯ হাজার নিজের কাছে রেখে দেন। একই মাসে (জুন) বিএ পাস (ডিগ্রি) পরীক্ষার ফরম পূরণ বাবদ ৬ লাখ ৩৪ হাজার টাকা আয় হয়। সেখানে ২ লাখ ২৪ হাজার ৭৮২ টাকা ব্যাংকে জমা দিয়ে বাকি ৪ লাখ ৯২ হাজার ১৮ টাকা এবং ২০১৬ সালের ১০ জুন একাদশ শ্রেণিতে ভর্তি বাবদ আয় হওয়া ৪ লাখ টাকার পুরোটাই নিজের হাতে রাখেন।

একইভাবে ২০১৬ সালের ১৯ জুন ব্যবসায় ব্যবস্থাপনা শাখার শিক্ষার্থীদের ফরম পূরণ বাবদ আয় হয় ৩ লাখ ৩০ হাজার ১৪০ টাকা। কিন্তু ব্যাংকে জমা দেন ২ লাখ ৪১ হাজার ৭০৭ টাকা। বাকি ৮৮ হাজার ৪৩৩ টাকা তিনি আত্মসাৎ করেন।

২০১৫ সালের জুন-জুলাই মাসে একাদশ শ্রেণিতে ভর্তি বাবদ পাওয়া অর্থের মধ্যে ৭১ হাজার ৯০৫ টাকা আত্মসাৎ করেন। অভিযোগ রয়েছে, মজিবুর রহমান ২০১৫ সালের শুরুর দিকে একক সিদ্ধান্তে ৮ লাখ টাকা খরচ দেখিয়ে কলেজের একটি ফটক নির্মাণ করেন। এখানে তিনি প্রায় ৪ লাখ টাকা আত্মসাৎ করেন। তিনি ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে কলেজ প্রশাসনিক ভবনের পূর্ব পাশ দিয়ে দোতলার একটি শ্রেণিকক্ষে ওঠার জন্য ৫ লাখ টাকা ব্যয়ে তাঁর ছেলে মো. রাকিবের মাধ্যমে একটি সিঁড়ি নির্মাণ করেন। এ বাবদ তিনি প্রায় ২ লাখ টাকা আত্মসাৎ করেন।

এ ছাড়া ২০০৮ থেকে ২০১৬ সালের ১০ জুলাই পর্যন্ত কলেজ ক্যাম্পাস থেকে বিভিন্ন প্রজাতির দুই শতাধিক গাছ কেটে প্রায় ২০ লাখ টাকায় বিক্রি করেন। এসব টাকা কলেজের তহবিলে জমা না দিয়ে আত্মসাৎ করেন। মজিবুরের অর্থ আত্মসাতের প্রতিবাদে এবং তাঁর বিচারের দাবিতে ৪ জানুয়ারি আমতলী শহরের সদর রোডে শিক্ষক-কর্মচারী ও দুই শতাধিক শিক্ষার্থী মানববন্ধন করে।

মজিবুর রহমান বলেন, ‘আমি কোনো টাকা আত্মসাৎ করিনি। যে পরিমাণ টাকা ব্যাংক হিসাব থেকে ওঠানো হয়েছে, তা খরচের সব বিল-ভাউচার কলেজে সংরক্ষিত আছে।’ তিনি বলেন, ‘আমি এককভাবে কোনো গাছ বিক্রি করিনি। সবাইকে নিয়ে একবার মাত্র ২০ হাজার টাকার গাছ বিক্রি করেছি, সে টাকায় কলেজের বেঞ্চ বানানো হয়েছে।’ ছেলেকে দিয়ে কলেজের সিঁড়ি বানানো এবং কলেজের প্রধান ফটক নির্মাণে অর্থ আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ সবই মিথ্যা। আমার ছেলে ঠিকাদার নয় যে তাকে কাজ দেব। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুসারে ফটক নির্মাণ করা হয়েছে।’ আমতলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেন বিশ্বাস বলেন, ‘আত্মসাৎ করা অর্থ কলেজ তহবিলে ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি।’