সাবেক ইউপি চেয়ারম্যান আটক, ইয়াবা উদ্ধার
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ইউনুছ চৌধুরীকে (৪৫) আটক করেছে কক্সবাজারের গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি বলছে, গতকাল রোববার রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকার একটি আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ তাঁকে আটক করা হয়।
তবে ইউনুছ চৌধুরীর স্ত্রী জান্নাতুল ফেরদৌস দাবি করেন, ইয়াবা ও অস্ত্র উদ্ধারের ঘটনা পুলিশের নাটক।
পুলিশের ভাষ্যমতে, রোববার রাত ১০টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে দুই হাজার ইয়াবা বড়িসহ ইউনুছ চৌধুরীকে আটক করা হয়। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী আজ সোমবার ভোর পাঁচটার দিকে তাঁর মগনামা ইউনিয়নের কাকপাড়ার বাড়িতে অভিযান চালিয়ে দেশে তৈরি চারটি বন্দুক (এলজি) ও আটটি কার্তুজ উদ্ধার করা হয়।
ইউনুছ চৌধুরীর স্ত্রী জান্নাতুল ফেরদৌস দাবি করেন, পানি উন্নয়ন বোর্ডের একটি উন্নয়নকাজের জন্য ইউনুছ চৌধুরী কক্সবাজার গিয়েছিলেন। সেখানে তাঁর কাছ থেকে ইয়াবা উদ্ধারের কথা নয়। এলাকার আধিপত্য বিস্তার নিয়ে মগনামার একজন জনপ্রতিনিধি পুলিশকে ব্যবহার করে ইয়াবা ও অস্ত্র দিয়ে ইউনুছ চৌধুরীকে ফাঁসিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংসা থোয়াই বলেন, ইউনুছের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাঁকে ফাঁসানোর অভিযোগ ভিত্তিহীন।