সাবেক ইউপি চেয়ারম্যানকে আটক করে পুলিশে দিলেন এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অনৈতিক’ কাজ করতে গিয়ে ধরা পড়ার পর এলাকাবাসীর ওপর গুলি ছোড়ার অভিযোগ উঠেছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান কামাল হোসেনের বিরুদ্ধে। গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়নের কুতুবপুর গ্রামের দারোগার পুকুরপার এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মো. আবুল কালাম ওরফে কালাম ড্রাইভারকে (৫৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী, সাবেক চেয়ারম্যান কামাল হোসেন সোমবার রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় একটি বাড়িতে গেলে এলাকার লোকজন তাঁকে আটকে রেখে থানায় খবর দেন। এতে ক্ষিপ্ত হয়ে ঘরের ভেতর থেকে এলাকার লোকজনকে লক্ষ্য করে তিনি কয়েকটি গুলি ছোড়েন। এতে আবুল কালাম নামের স্থানীয় এক বাসিন্দা গুলিবিদ্ধ হন। তাঁকে রাতেই নোয়াখালীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে গতকাল মঙ্গলবার সকালে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. জসিম উদ্দিন গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দারোগার পুকুরপার এলাকায় কামাল হোসেনকে আটক করে রাখেন এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে। কামাল হোসেনের ছোড়া গুলিতে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এ ঘটনায় কামাল হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে।