সাবেক ইউপি সদস্যকে গুলি করে ও কুপিয়ে হত্যা
পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের চর বলরামপুর গ্রামে গতকাল রোববার রাতে শরিফুল ইসলাম (৪৫) নামের সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শরিফুল ইসলামের বাড়ি চর বলরামপুর গ্রামেই। স্থানীয় লোকজনের তথ্যমতে, তিনি স্থানীয় দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও ইউনিয়ন জামায়াতের কার্যকর পরিষদের সদস্য ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাত সাড়ে নয়টার দিকে শরিফুল স্থানীয় বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশে একটি চায়ের দোকানে বসে বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট খেলা দেখছিলেন। এ সময় এক ব্যক্তি তাঁকে দোকানের পাশে ডেকে নিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা শরিফুলকে এলোপাতাড়ি গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আতঙ্কে স্থানীয় লোকজন ছুটে পালায়। পরে রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হকের ভাষ্য, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। তবে কারা, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা জানা যায়নি।
ভাড়ারা ইউপি চেয়ারম্যান আবু সাইদের ভাষ্য, নিহত শরিফুল ভাড়ারা ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ড থেকে পরপর দুইবার নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। তাঁর সঙ্গে কারও বিরোধ ছিল কি না, তা আমাদের জানা নেই।