সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা
পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের চর বলরামপুর গ্রামে রোববার রাতে শরিফুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত শরিফুল ইসলাম চর বলরামপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ছিলেন। এ ছাড়া তিনি স্থানীয় চর বলরামপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও ইউনিয়ন জামায়াতের পরিচালনা পরিষদের কার্যকরী সদস্য ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাত সাড়ে নয়টার দিকে শরিফুল ইসলাম স্থানীয় বলরামপুর উচ্চবিদ্যালয়ের পাশে একটি চায়ের দোকানে বসে টেলিভিশনে ক্রিকেট খেলা দেখছিলেন। এ সময় এক ব্যক্তি তাঁকে দোকানের পাশে ডেকে নিয়ে গেলে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি শুরু করে। এতে তিনি মাটিতে পড়ে যান। এ সময় দুর্বৃত্তরা আবার ছুরি ও চাপাতি দিয়ে কুপিয়ে তাঁর মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন দিগ্বিদিক ছুটে পালায়। পরে স্থানীয় লোকজনের সংবাদে রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক বলেন, ময়নাতদন্ত শেষে গতকাল সোমবার দুপুরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। তবে নিহতের পরিবারের কেউ গতকাল সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেননি। প্রাথমিকভাবে জানা গেছে, পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ভাড়ারা ইউপি চেয়ারম্যান আবু সাইদ বলেন, নিহত শরিফুল ভাড়ারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে পরপর দুবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে কারা এবং কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা বোধগম্য নয়।
এ প্রসঙ্গে পাবনা সদর উপজেলা জামায়াতের আমির আবদুল গফ্ফার বলেন, ‘আমরা ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’