সাবেক ইউপি সদস্যের দুই পায়ের রগ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের জের ধরে সাবেক এক ইউপি সদস্যের একটি হাত ও দুই পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষ। গতকাল মঙ্গলবার উপজেলার শ্রীনগর ইউনিয়নের সুলায়মানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বাদশা মিয়া শ্রীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। তাঁকে গুরুতর অবস্থায় প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির ও একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীনের বাড়ি ওই ইউনিয়নের ভবানীপুর গ্রামে। আধিপত্য বিস্তার নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ২০১৫ সালের অক্টোবরে আওয়ামী লীগের কথিত সহযোগী সংগঠন নবীন লীগের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে সৃষ্ট দ্বন্দ্ব সহিংসতায় রূপ নেয়। তখন থেকে পক্ষ দুটির মধ্যে অন্তত ১০ বার সংঘর্ষ হয়। এতে হুমায়ুন পক্ষের ছিদ্দিকুর রহমান ও জয়নালপক্ষের রায়হান মিয়া নামের দুজন নিহত হন। আহত হন কয়েক শ ব্যক্তি। তিন শতাধিক বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। একে অন্যের বিরুদ্ধে মামলা করেন কমপক্ষে ২০টি। আসামি প্রায় কয়েক হাজার।

সূত্রটি আরও জানায়, গ্রামে শান্তি ফিরিয়ে আনতে রাজনৈতিক ও সামাজিক নেতারা নানা উদ্যোগ নেন। উত্তেজনা থাকলেও গত কয়েক মাস সেখানে সংঘর্ষ হয়নি। এই অবস্থায় গত শনিবার বাদশা মিয়ার ছেলে আরমান স্থানীয় বাজারে গেলে প্রতিপক্ষের লোকজন মারধর করে। বাদশা হলেন জয়নালপক্ষের সমর্থক। পরদিন মারধরের ঘটনায় সালিস মীমাংসা হয়। গতকাল সকালে সোয়া ১০টার দিকে বাদশা একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ভৈরব উপজেলা সদরে যাচ্ছিলেন। শ্রীনগর ইউনিয়নের সুলায়মানপুর এলাকা অতিক্রম করার সময় কয়েকজন অটোরিকশাটির গতিরোধ করে বাদশাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। হামলায় বাদশার বাঁ হাতটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাঁর দুই পায়ের রগ কেটে দেয় হামলাকারীরা।

স্থানীয় লোকজন বাদশা মিয়াকে দ্রুত উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে রক্তাক্ত অবস্থায় বাদশাকে হাসপাতালে আনা হয়।

আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এম কে জাহাঙ্গীর বলেন, বাদশা মিয়ার বাঁ হাতের কনুইয়ের দুই ইঞ্চি ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। দুই পায়ের রগও কেটে ফেলা হয়েছে। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

বাদশার ভাতিজা ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নুদ্দিন সরকার বলেন, অটোরিকশায় ওঠার আগে বাদশার সঙ্গে দেখা হয় প্রতিপক্ষের হুমায়ুন ও তাঁর সমর্থক নুরুল হক মাস্টারের সঙ্গে। তাঁরা বাদশাকে ডেকে নিয়ে চা খাওয়ান। হুমায়ুন ও নুরুল হক মাস্টারের কাছ থেকে উঠে যাওয়ার ১০ মিনিট পর বাদশা হামলার শিকার হন। হামলা করেন সেলিম মিয়া, আলমগীর হোসেন, রুবেল মিয়া, অহেদ মিয়া, আবদুল্লাহ মিয়া, নুরু মিয়া ও নজরুল ইসলাম। তাঁরা হুমায়ুন পক্ষের সমর্থক। হামলার সঙ্গে হুমায়ুন ও নুরুল হক মাস্টার জড়িত বলে দাবি করেন তিনি।

অভিযোগ অস্বীকার করে হুমায়ুন কবির বলেন, ঘটনার সময় তিনি এলাকায় ছিলেন না। বাদশার সঙ্গে তাঁর দেখাও হয়নি। হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা একসময় তাঁর সঙ্গে থাকলেও এখন নেই।

বাদশার সঙ্গে দেখা ও চা খাওয়া কিছুই হয়নি দাবি করে নুরুল হক মাস্টার বলেন, ‘আমি বসবাস করি পৌর শহরের চন্ডিবের মহল্লায়। পারিবারিক প্রয়োজনে আজ (গতকাল) গ্রামে গিয়েছিলাম সত্য। তবে এই হামলার ব্যাপারে বিন্দুমাত্র কিছুই জানা নেই আমার।’

ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়েছিল। এই ঘটনায় এখন পর্যন্ত অভিযোগ নিয়ে কেউ আসেননি। অভিযোগ পেলে মামলা করা হবে। বাদশার বিরুদ্ধে প্রতিপক্ষের করা অন্তত ছয়টি মামলা রয়েছে।