সাবেক ইউপি সদস্যের হাত ও দুই পায়ের রগ কাটার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে সাবেক এক ইউপি সদস্যের হাত ও দুই পায়ের রগ কেটে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মামলাটি করেন হামলার শিকার হওয়া ব্যক্তির ছোট ভাই ছালাম মিয়া।
হামলার শিকার ব্যক্তি হলেন ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য বাদশা মিয়া। গত মঙ্গলবার তাঁর ওপর হামলা চালানো হয়েছিল। এ ঘটনায় তাঁর ছোট ভাই ছালাম মিয়া ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার আসামিরা হলেন ভবানীপুর গ্রামের নুরুল হক মাস্টার. রেণু মিয়া, সমেদ মিয়া, অহেদ মিয়া, আলমগীর মিয়া, নজরুল ইসলাম, জুয়েল মিয়া, রাজু মিয়া, আবদুস ছাত্তার, মো. জাহাঙ্গীর, আলতাফ হোসেন, সেলিম মিয়া, মো. রুবেল, মাসুদ মিয়া, হেলু মিয়া, আক্তার হোসেন, কালাম মিয়া ও ইমরান মিয়া। তাঁরা বাদশার প্রতিপক্ষ শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির পক্ষের সমর্থক হিসেবে পরিচিত। তবে এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
এলাকাবাসী জানান, শ্রীনগর ইউপির ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন ও হুমায়ুন কবিরের বাড়ি ওই ইউনিয়নের ভবানীপুর গ্রামে। গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বাদশা হলেন জয়নাল আবেদীন পক্ষের সমর্থক। ২০১৫ সালের অক্টোবর মাসে আওয়ামী লীগের কথিত সহযোগী সংগঠন নবীন লীগের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে সৃষ্ট দ্বন্দ্ব সহিংসতায় রূপ নেয়। এই দ্বন্দ্বের জেরে একাধিকবার সংঘর্ষে হুমায়ুন পক্ষের দুজন নিহত হয়।
গ্রামটিতে শান্তি ফিরিয়ে আনতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নানা উদ্যোগ নেন। এ অবস্থায় শনিবার বাদশা মিয়ার ছেলে আরমান স্থানীয় বাজারে গেলে প্রতিপক্ষের লোকজন মারধর করে। মঙ্গলবার সকালে সিএনজিচালিত অটোরিকশাযোগে ইউনিয়নটির সুলায়মানপুর গ্রাম অতিক্রম করার সময় বাদশা দুর্বৃত্তদের হামলার শিকার হন। দুর্বৃত্তরা বাদশার বাঁ হাতের কনুইয়ের দুই ইঞ্চি ওপর থেকে কেটে নেয়। পরে দুই পায়ের রগ কেটে দেয়। তিনি বর্তমানে মুমূর্ষু অবস্থায় ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন।
মামলার তদন্ত কর্মকর্তা ভৈরব থানার এসআই আ. সালাম জানান, মেরে ফেলার উদ্দেশ্যে হামলার ধারায় মামলাটি হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।