সাবেক উপজেলা চেয়ারম্যানসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মেলান্দহ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফারহান জাহেদী সফেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেলান্দহ সাব রেজিস্ট্রার কার্যালয়ে ঢুকে ১০ লাখ টাকার চাঁদার দাবিতে ভাঙচুর ও সাব-রেজিস্ট্রারকে মারধর করার অভিযোগে হওয়া মামলার আসামি তাঁরা। 


আজ শনিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার শিমুলতলা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপর ব্যক্তি হলেন ফারহানের সহযোগী মেলান্দহ পৌর শহরের বাসিন্দা আবদুল মালেক।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর দুপুরে ফারহান জাহেদী ও আবদুল মালেকসহ তিনজন মেলান্দহ সাব-রেজিস্ট্রার কার্যালয়ে যান। তাঁরা সাব-রেজিস্ট্রার মো. নূরে আলমের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। সাব রেজিস্ট্রার ওই টাকা দিতে অস্বীকার করলে তাঁকে মারধর ও কার্যালয়ের আসবাব ভাঙচুর করেন তাঁরা। এ অভিযোগে ওই দিন রাতে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের অফিস সহকারী মহসিন আলী বাদী হয়ে ফারহান জাহেদী সফেন, আবদুল মালেক এবং রবিজল নামের এক ব্যক্তিকে আসামি করে মেলান্দহ থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। ওই মামলায় পুলিশ আজ বিকেলে উপজেলার শিমুলতলা এলাকায় অভিযান চালিয়ে ফারহান ও তাঁর সহযোগী আবদুল মালেককে গ্রেপ্তার করে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম বলেন, মামলার দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কাল রোববার সকালে তাঁদের আদালতে পাঠানো হবে। অপর আসামি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।