রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারি মামলার আসামি সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী ফখরুল ইসলাম ও সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ফজলুস সোবহানের সম্পত্তির অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার ফজলুস সোবহানের জামিন প্রশ্নে রুলের ওপর শুনানিকালে এ আদেশ দেন।
বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনার সময় কাজী ফখরুল ইসলাম ও ফজলুস সোবহানের ওই শীর্ষ পদে থাকা এবং মামলায় অভিযোগের সম্পৃক্ততার প্রসঙ্গ বিবেচনায় নিয়ে স্বতঃপ্রণোদিত এ আদেশ দেওয়া হয়।
শুনানি নিয়ে আদালত বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় করা পৃথক চার মামলায় ফজলুস সোবহানকে জামিন দিয়েছেন। দীর্ঘদিন ধরে ফজলুস সোবহানের কারাগারে থাকা ও মামলায় অভিযোগপত্র দাখিল না হওয়ার দিক বিবেচনায় নিয়ে এ জামিন দেওয়া হয়। ওই ঘটনায় করা একটি করে মামলায় ব্যাংকটির সাবেক মহাব্যবস্থাপক (ইন্টারনাল ক্রেডিট ডিভিশন) মো. সেলিম ও ব্যাংকটির তখনকার মহাব্যবস্থাপক ও ব্রাঞ্চ ইন চার্জ জয়নাল আবেদীন চৌধুরী এবং গুলশান শাখার সাবেক ব্যবস্থাপক শিপার আহমেদকে একই দিক বিবেচনায় জামিন দেওয়া হয়।
আইনজীবী সূত্র বলেছে, বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় পৃথক মামলায় ওই চারজন হাইকোর্টে জামিন চেয়ে পৃথক আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট তাঁদের জামিন প্রশ্নে রুল দেন। রুলের ওপর চূড়ান্ত শুনানি নিয়ে আজ তা যথাযথ ঘোষণা করে ফজলুস সোবহানকে চার মামলায় এবং অপর তিনজনকে একটি করে মামলায় জামিন দেওয়া হয়।
আদালতে ফজলুস সোবহানের পক্ষে আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ, জয়নুল আবেদীনের পক্ষে আইনজীবী এ এম আমিন উদ্দিন, সেলিমের পক্ষে আইনজীবী শাহদীন মালিক এবং শিপার আহমেদের পক্ষে আইনজীবী পঙ্কজ কুণ্ডু শুনানিতে অংশ নেন।
দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান, আইনজীবী সৈয়দ মামুন মাহবুব ও আইনজীবী এ কে এম ফজলুল হক।
খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, ফজলুস সোবহানের জামিনের শুনানিকালে বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির সময় কাজী ফখরুল এমডি ও ফজলুস সোবহান ডিএমডি ছিলেন এবং তাঁদের সম্পত্তির বিষয়টি প্রসঙ্গক্রমে ওঠে। তখন আদালত স্বতঃপ্রণোদিতভাবে ওই দুজনের সম্পত্তির অনুসন্ধান করতে দুদকে নির্দেশ দেন।
সেলিমের আইনজীবী শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, ‘সেলিম ঋণ প্রস্তাবে অনুমোদন দেননি। ২০১৬ সালের জানুয়ারি থেকে তিনি কারাগারে আছেন, এখনো অভিযোগপত্র দাখিল হয়নি—এসব যুক্তি দিয়েছি। এক মামলায় সেলিমকে হাইকোর্ট জামিন দিয়েছেন।’
বেসিক ব্যাংকে ঋণ জালিয়াতির ঘটনায় ২০১৫ সালের শেষ দিকে মতিঝিল, পল্টন ও গুলশান থানায় ৫৬টি মামলা করে দুদক। এসব মামলায় প্রায় আড়াই হাজার কোটি টাকার আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয়। মামলায় বেসিক ব্যাংকের ২৭ কর্মকর্তাসহ মোট ১৫৬ জন আসামি করা হয়। তবে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে কোনো মামলায় আসামি করা হয়নি। এ নিয়ে জাতীয় সংসদ থেকে শুরু করে অর্থনীতিবিদ, ব্যাংক খাতের বিশেষজ্ঞ এবং সর্বশেষ আদালত পর্যন্ত সমালোচনা করেন। পরবর্তী সময়ে আবদুল হাই বাচ্চুর বক্তব্য জানতে দুদক তাঁকে নোটিশ দেয়। দুদক তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে।