সাবেক কাউন্সিলরকে লাঞ্ছিত করলেন মহিলা দলের নেত্রী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর বিএনপির নেতা-কর্মীদের সামনে সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও ডবলমুরিং থানা বিএনপির সাবেক সভাপতি নিয়াজ মোহাম্মদ খান লাঞ্ছিত হয়েছেন। মহিলা দলের দুই নেত্রী তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বিকেলে মেহেদীবাগে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসভবনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী নেতা-কর্মীরা জানান, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল আমীর খসরুর বাসভবনে নগর বিএনপির প্রস্তুতি সভা চলছিল। সভায় সিটি করপোরেশন নির্বাচন নিয়েও আলোচনার একপর্যায়ে একাধিক নেতার মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ সময় ওই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত সিটি করপোরেশন নির্বাচনে ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ডে বিএনপি-সমর্থিত সাধারণ কাউন্সিলর প্রার্থী ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদিকা ফাতেমা বাদশা। নির্বাচনে ওয়ার্ডে তাঁর বিরোধিতার অভিযোগ তুলে সাবেক ওয়ার্ড কাউন্সিলর নিয়াজের সঙ্গে বিতর্কে জড়ান তিনি। ফাতেমার সমর্থনে এগিয়ে আসেন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম। একপর্যায়ে নিয়াজ মোহাম্মদ খানকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
যোগাযোগ করা হলে ফাতেমা বাদশা প্রথম আলোকে বলেন, ‘সিটি নির্বাচনে নিয়াজ মোহাম্মদ আমার বিরোধিতা করেছিলেন। মনোয়ারা বেগমের সঙ্গে তিনি আগে দুর্ব্যবহার করেছিলেন। তাই রাগ থেকে কিছু ঘটেছে।’
এ বিষয়ে বক্তব্য জানার জন্য নিয়াজ মোহাম্মদ খানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।