সাবেক চেয়ারম্যান ও এমডির সম্পৃক্ততা পেয়েছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসিক ব্যাংক
বেসিক ব্যাংক

বেসিক ব্যাংকে অনিয়ম ও দুর্নীতির ঘটনার অনুসন্ধান দীর্ঘদিন ‘কার্যত’ বন্ধ থাকার পর অবশেষে সক্রিয় হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই দুর্নীতির মূল হোতাদের বিরুদ্ধে শিগগিরই মামলা হতে পারে বলে দুদক সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, দুর্নীতি ও অনিয়মের সঙ্গে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী ফখরুল ইসলামের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ ছাড়া ব্যাংকের একাধিক কর্মকর্তার সংশ্লিষ্টতাও রয়েছে।
জাতীয় সংসদে বাজেট অধিবেশনে বেসিক ব্যাংক নিয়ে আলোচনা এবং ৭ জুলাই সচিবালয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের পর থেকে দুদক যেন অনেকটাই নড়েচড়ে বসেছে। অনুসন্ধান-প্রক্রিয়া শেষ করে দ্রুত প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে অনুসন্ধান কর্মকর্তাকে।
দুদকের কমিশনার মো. সাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, খুব দ্রুত বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির অভিযোগের প্রতিবেদন কমিশনের বিবেচনার জন্য উপস্থাপিত হবে। প্রতিবেদন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
দুদকের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, বেসিক ব্যাংকের অনিয়ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধান প্রতিবেদন ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সাড়ে চার হাজার কোটি টাকার ঋণ জালিয়াতির কথা বলা হলেও দুদকের অনুসন্ধানে প্রায় এক হাজার কোটি টাকার অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। দুদকের অনুসন্ধান প্রতিবেদনে ওই পরিমাণ অর্থ আত্মসাতের তথ্য উল্লেখ থাকছে। তবে ওই কর্মকর্তা আরও বলেন, মামলার পর তদন্তের সময় অর্থ আত্মসাতের আরও প্রমাণ পাওয়া গেলে সেগুলো অভিযোগপত্রে উল্লেখ করা হবে।
বেসিক ব্যাংকের অর্থ আত্মসাতের জন্য দীর্ঘদিন ধরে কোনো ব্যবস্থা না নেওয়ার সমালোচনা করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। গতকাল শনিবার প্রথম আলোকে তিনি বলেন, যা ঘটেছে সেটা অনাকাঙ্ক্ষিত। এ ক্ষেত্রে যেটা পরিষ্কার সেটা হলো, অভিযুক্ত ব্যক্তিদের রাজনৈতিক যোগাযোগ থাকার কারণে এত দিন কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। অর্থমন্ত্রী নিজেও সেটা বলেছেন। আর এই জালিয়াতির অনুসন্ধান নিয়ে যা ঘটেছে, সেটা দেশের ব্যাংকিং খাতের জন্য শুভ ইঙ্গিত বহন করে না।
অভিযোগ রয়েছে, গত পাঁচ বছরে বেসিক ব্যাংকের দুর্নীতির অনুসন্ধান করতে গিয়ে দুর্নীতির মূল বিষয়টি এড়িয়ে দুদক ব্যস্ত ছিল ব্যাংকটির বরখাস্ত হওয়া কয়েকজন কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধানে। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে অর্থ আত্মসাতের জন্য ব্যাংকের চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুর দায়ের কথা বলা থাকলেও অদৃশ্য কারণে তাঁর বিরুদ্ধে অনুসন্ধান অনেকটাই স্থবির ছিল। বেসিক ব্যাংক-সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনগুলো দুদককে অনেক আগেই হস্তান্তর করা হয়। এ বিষয়ে সরকারের পক্ষ থেকেও কোনো তাগিদ ছিল না।
তবে গত কয়েক দিনে প্রথম আলোসহ কয়েকটি সংবাদমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হলে জাতীয় সংসদে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন কয়েকজন সাংসদ। জাসদের নেতা মঈন উদ্দীন খান বাদল প্রশ্ন তুলে বলেন, আবদুল হাই বাচ্চু কী হিমালয়ের চূড়ায় থাকেন যে আইন তাঁকে স্পর্শ করতে পারে না? জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদ বেসিক ব্যাংকে জালিয়াতির সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
৭ জুলাই সচিবালয়ে বেসিক ব্যাংক পুনরুদ্ধারে করণীয় নির্ধারণ নিয়ে ব্যাংকটির পর্ষদের সঙ্গে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, ‘ব্যাংকটিতে হরিলুট হয়েছে। আর এর পেছনে ছিলেন ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু।’ এটাই সরকারের দায়িত্বশীল কোনো অবস্থান থেকে প্রথমবারের মতো বেসিক ব্যাংক কেলেঙ্কারির হোতা হিসেবে শেখ আবদুল হাই বাচ্চুর নাম সরাসরি উচ্চারণ।
দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বেসিক ব্যাংকের ক্ষেত্রে প্রথম থেকে প্রশ্রয় দেওয়ার চেষ্টার কথা মনে করলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কীনা সে বিষয়ে আশঙ্কা থেকেই যায়। জালিয়াতির মূল হোতাদের আইনের আওতায় আসার ক্ষেত্রে সরকার কতটা আন্তরিক সেটা সামনে বুঝা যাবে। নাকি নানামুখী সমালোচনা ও চাপের কারণে অর্থমন্ত্রী এদের কথা উচ্চারণ করেছেন কীনা সেটা প্রশ্ন।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০০৮ সালের ডিসেম্বরে বেসিক ব্যাংকের মোট বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ২ হাজার ৭০০ কোটি টাকা। ২০১৩ সালের মার্চে তা দাঁড়ায় ৯ হাজার ৩৭৩ কোটি টাকা। ওই চার বছর তিন মাসে ব্যাংকটি ৬ হাজার ৬৭৩ কোটি টাকা ঋণ দেয়, যার প্রায় সাড়ে চার হাজার কোটি টাকাই নিয়ম ভেঙে দেওয়া হয়েছে।
বেসিক ব্যাংকের অর্থ আত্মসাৎ নিয়ে গণমাধ্যমে লেখালেখি শুরু হলে শুরুতে সরকার কোনো ব্যবস্থা নেয়নি। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের ঘটনা চিহ্নিত হলে সরকার ব্যাংক পুনর্গঠনে বাধ্য হয়। প্রথমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামকে অপসারণ করা হয়। গত বছরের ২৯ মে বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক। ৪ জুলাই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সরকারি বাসভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেন শেখ আবদুল হাই বাচ্চু। এরপর ছয়জন কর্মকর্তাকে সাময়িক এবং সাতজনকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
তাঁদের মধ্যে ব্যাংকের বরখাস্ত হওয়া কয়েকজন কর্মকর্তার ব্যক্তিগত সম্পদ ও অন্যান্য বিষয়ে অনুসন্ধান শেষে তাঁদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এর মধ্যে রয়েছেন সাবেক উপব্যবস্থাপনা পরিচালক এ মোনায়েম খান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী। এই দুজনের স্ত্রীর বিরুদ্ধেও মামলা করা হয়। এ ছাড়া বরখাস্ত হওয়া আরও বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান করছে দুদক।