সাবেক চেয়ারম্যান ও ব্যবসায়ীর ১৪ বছরের জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি চাল কালোবাজারে বিক্রির দায়ে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও এক ব্যবসায়ীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

গতকাল মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

সাবেক ওই চেয়ারম্যানের নাম মজিবুর রহমান (৫৫)। আর ব্যবসায়ীর নাম জসিম উদ্দিন (৪৮)। তাঁদের দুজনের বাড়ি গগডা গ্রামে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২৫ আগস্ট মজিবুর রহমান ভিজিডির চাল দুস্থ ব্যক্তিদের না দিয়ে কালোবাজারে বিক্রি করেন। খবর পেয়ে পুলিশ ওই দিন সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গগডা-কেন্দুয়া সড়কের চিরাং চৌরাস্তা এলাকায় তরী ভবনের সামনে থেকে তিনটি টমটম গাড়িতে থাকা ৩৩ বস্তা চাল জব্দ করে। চালগুলো কেন্দুয়া বাজারের ব্যবসায়ী জসিম উদ্দিনের দোকানে নিয়ে যাওয়া হচ্ছিল। রাতেই কেন্দুয়া থানার এএসআই নুরুল আমীন বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা করেন। মামলায় চেয়ারম্যানকে প্রধান আসামি করে চাল ব্যবসায়ী জসিম উদ্দিন, ইউপির চার সদস্য হাসিম উদ্দিন, আবদুল খালেক, হাসনা আক্তার, উছমান গনি, তিন গাড়িচালক সেকুল মিয়াসহ নয়জনকে আসামি করা হয়। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ১৯ নভেম্বর চেয়ারম্যান ও ব্যবসায়ীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।