সাবেক ছাত্রলীগ নেতা নিখোঁজ, জিডি
চট্টগ্রাম নগরের কাঠগড় এলাকা থেকে ছাত্রলীগের সাবেক এক নেতা নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পতেঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ছাত্রলীগের সাবেক ওই নেতার নাম জাহিদুল ইসলাম (৩৭) ওরফে দুর্লভ। পরিবার বলছে, গতকাল রোববার রাত থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
জাহিদুল কাঠগড় মাইজপাড়া এলাকার বাসিন্দা। তিনি ছাত্রলীগের গত কমিটির সদস্য ছিলেন। এখন তিনি ব্যবসা করেন। কাভার্ড ভ্যান, মাল্টিপারপাস সমিতিসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত তিনি।
জাহিদুলের মামা মাজহারুল ইসলাম বলেন, রোববার রাতে চুল কাটাতে বের হন জাহিদুল। কাটগড় এলাকায় তাঁকে রাত সাড়ে ১২টায় দেখা গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। কিন্তু রাত দুইটায়ও ঘরে না ফেরায় খোঁজ নিয়ে দেখা যায় তাঁর মুঠোফোন বন্ধ। পরে আজ সোমবার সকালে পতেঙ্গা থানায় জিডি করা হয়।
মাজহারুল ইসলাম দাবি করেন, সোমবার বিকেলে অজ্ঞাত এক নম্বর থেকে ৯০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। ওই টাকা দিলে জাহিদুলকে ফেরত দেওয়া হবে বলে জানান। তবে পুলিশের পরামর্শে ওই টাকা দেওয়া হয়নি।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, জিডি হয়েছে। তিনি অপহরণের শিকার কি না, তদন্ত করে দেখা হচ্ছে।