সাবেক তিন প্রশাসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক তিন প্রশাসকের সময় প্রায় ৩০০ কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে বলে প্রমাণ পেয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। মন্ত্রণালয় এই তিন কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন।
তিন কর্মকর্তা হলেন ঢাকার বিভাগীয় কমিশনার জিল্লার রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইব্রাহীম হোসেন খান ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নজরুল ইসলাম।
তদন্ত প্রতিবেদনে সাবেক তিন প্রশাসকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এরপর গত মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে লেখা চিঠিতে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘দশম জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সপ্তম বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পালনকালে সংঘটিত ত্রুটি-বিচ্যুতি, অনিয়ম ও দুর্নীতি বিষয়ে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করে।
তদন্ত প্রতিবেদনে প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে অর্থের সংস্থান ব্যতিরেকে উন্নয়ন প্রকল্প গ্রহণে অনিয়মের জন্য তিন কর্মকর্তাকে প্রাথমিকভাবে দায়ী করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে গতকাল রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমি শুনেছি, তারা চিঠি পাঠিয়েছে। কিন্তু এখনো তা আমার হাতে পৌঁছায়নি। কাল (আজ বৃহস্পতিবার) বলতে পারব।’
এর আগে গত ৩০ আগস্ট স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রণালয় দুটি তদন্ত কমিটি গঠন করেছিল। দুটিরই প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত প্রতিবেদন আমার টেবিলে আসবে। প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
মন্ত্রণালয় সূত্র জানায়, ঢাকার দুই সিটি করপোরেশনে গত প্রায় আড়াই বছরে প্রশাসকের দায়িত্ব পালনের সময় কী ধরনের অনিয়ম ও দুর্নীতি হয়েছে, তা তদন্তের জন্য গত ২২ জুন স্থানীয় সরকার মন্ত্রণালয় তিনটি তদন্ত কমিটি গঠন করে। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সিরাজুল ইসলামকে আহ্বায়ক করে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন একই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শহীদুল ইসলাম ও উপসচিব ইশান আলী রাজা।
জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান সিরাজুল ইসলাম ৩০ আগস্ট প্রথম আলোকে বলেন, ‘আমি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। তদন্তকালে সবগুলো বিষয় খতিয়ে দেখার সর্বোচ্চ চেষ্টা করেছি।’
একই দিন যোগাযোগ করা হলে জিল্লার রহমান বলেন, ‘আমি কোনো অনিয়ম করিনি। এ ব্যাপারে এর বেশি আমার কোনো বক্তব্য নেই।’
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, তহবিল না থাকলেও কয়েক শ কোটি টাকার আগাম প্রকল্প গ্রহণ করে কয়েকজন প্রশাসক, প্রকৌশলীর বিরুদ্ধে মোটা অঙ্কের কমিশন নেওয়ার অভিযোগ ওঠে। এমনকি করপোরেশনের আয় ক্রমাগত কমলেও প্রশাসকদের সময় খরচ বেড়ে যায়। দক্ষিণ সিটি করপোরেশনে অনিয়ম বেশি। সেখানে প্রায় ২০০ কোটি টাকার আগাম প্রকল্প নেওয়া হয়। কাজ না করে বিল নেওয়া, রাস্তা ঠিক থাকলেও খারাপ দেখিয়ে প্রকল্প নেওয়ার মতো ঘটনা ঘটেছে। প্রশাসকেরা দক্ষিণ সিটি করপোরেশনে ঠিকাদারদের বিল প্রায় ৩৫০ কোটি টাকা বকেয়া রেখে যান। প্রশাসক ও প্রকৌশলীদের অনেকেই কমিশন হিসাবে কোটি কোটি টাকা উপার্জন করেছেন। আগাম প্রকল্প নিয়ে দরপত্র আহ্বান বা কার্যাদেশ দিয়ে আগাম কমিশনের টাকা নিয়েছেন তাঁরা।
স্থানীয় সরকার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির গত ১৬ জুনের বৈঠকেও এসব অনিয়ম নিয়ে আলোচনা হয়। কমিটি অনিয়ম তদন্তের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে।
১৬ জুনের বৈঠকে কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ বলেছিলেন, ২০১৩-১৪ অর্থবছরে ঢাকা উত্তর সিটিতে বাজার ইজারার লক্ষ্যমাত্রা ছিল ১৩০ কোটি টাকা। আদায় হয়েছে মাত্র ৮ কোটি ৭৫ লাখ টাকা। কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৮৮ কোটি টাকা। আদায় হয়েছে ১৯৪ কোটি ৫৬ লাখ টাকা। ট্রেড লাইসেন্স ফি আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৫০ লাখ, এক টাকাও আদায় হয়নি।
জানতে চাইলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাবের হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রশাসকেরা দায়িত্ব পালনকালে সিটি করপোরেশনের বাজেটের চেয়ে বেশি খরচ করেছেন। এ বিষয়ে তদন্তের জন্য স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হয়।
নির্বাচনের আগ পর্যন্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ১৪ জন প্রশাসক দায়িত্ব পালন করেছেন। তাঁদের দায়িত্বের মেয়াদ ছিল ছয় মাস করে।