সাবেক তিন ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
ঋণখেলাপির সঙ্গে যোগসাজশ করে ৭৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক তিন কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে রংপুরে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানায় এ মামলা করা হয়। এর বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আতিকুর রহমান।
আসামিরা হলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের রংপুর বিভাগীয় শাখার সাবেক মহাব্যবস্থাপক (জিএম) জহুরুল ইসলাম, সাবেক উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মতিউর রহমান, রংপুর করপোরেট শাখার সাবেক ব্যবস্থাপক রেদওয়ানুর রহমান, আইন উপদেষ্টা খন্দকার রেয়াজুল কাইয়ুম ও ঋণগ্রহীতা আবদুল লতিফ।
এজাহার সূত্রে জানা গেছে, রংপুর শহরের আলমনগর বাবুপাড়া এলাকার ব্যবসায়ী আবদুল লতিফ ২০০৫ সালের ১৪ ডিসেম্বরে ২৮ শতক জমিসহ বাড়ি বন্ধক রেখে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রংপুর করপোরেট শাখা থেকে ৫০ লাখ টাকা ঋণ নেন। পরিশোধ না করায় সুদাসলে তা ১ কোটি ৩৪ লাখ টাকা হয়। এ টাকা দাবি করে আদালতে মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংক কর্তৃপক্ষ বকেয়া টাকা আদায়ে বন্ধকি জমিসহ বাড়িটি গত বছরের এপ্রিলে বাজারদর অনুযায়ী ১ কোটি ৪৩ লাখ ৬০ হাজার টাকায় বিক্রির সিদ্ধান্ত নেয়। কিন্তু নিলামে সর্বোচ্চ দরদাতা মূল্য হাঁকেন ৭০ লাখ টাকা। আসামিদের যোগসাজশে জমিসহ বাড়ি দুই ব্যক্তির কাছে ৯৭ লাখ ৫৫ হাজার ২০০ টাকা বিক্রি হয়েছে বলে দেখানো হয়। ২৮ শতাংশ জমির মধ্যে ৭০ লাখ টাকায় ১৭ দশমিক ২৫ শতাংশ জমি আলমনগর বাবুপাড়া এলাকার ব্যবসায়ী নুরুল ইসলাম এবং ২৭ লাখ ৫৫ হাজার ২০০ টাকায় ১০ দশমিক ৭৫ শতাংশ জমি ঋণখেলাপি লতিফের স্ত্রী মোসতারি বেগমের নামে দলিলমূলে রেজিস্ট্রি করে দেয় ব্যাংক কর্তৃপক্ষ।
কিন্তু ব্যাংকে জমা দেওয়া হয় ৭০ লাখ টাকা। আসামিরা ২৭ লাখ ৫৫ হাজার ২০০ টাকা আত্মসাৎ করেন। এ ছাড়া জমিসহ বাড়ির বর্তমান বাজারদর ১ কোটি ৪৩ লাখ ৬০ হাজার ৪৭৬ টাকা হলেও আসামিরা দুটি দলিলের মাধ্যমে ৯৭ লাখ ৫৫ হাজার ২০০ টাকায় বিক্রি করেন। এভাবে তাঁরা ব্যাংকের আরও ৪৬ লাখ ৫ হাজার ২৭৬ টাকা আত্মসাৎ করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম প্রথম আলোর কাছে মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।